হংকং, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়া মহাদেশের নারীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য নিয়ে মারাত্মক উদাসীনতা রয়েছে। গর্ভধারণে ব্যর্থতাকে তারা সাধারণত ‘ঈশ্বরের ইচ্ছা’ বলে মেনে নেয় বলে এক জরিপে বেরিয়ে এসেছে।
১০টি দেশের এক হাজার নারীকে নিয়ে চালানো হয় জরিপটি। অংশগ্রহণকারীরার গত ছয় মাস ধরে গর্ভধারণের চেষ্টা চালাচ্ছিলেন।
জরিপে দেখা যায়, কোনো শারীরিক সমস্যার কারণে গর্ভধারণে জটিলতা হতে পারে বলে চিন্তাই করেন না ৬২ শতাংশ নারী।
এমনকি তাদের স্বামী বা সঙ্গীর কোনো শারীরিক সমস্যা থাকতে পারে তা মনে করেন না অন্তত ৮০ শতাংশ নারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞানুযায়ী, দীর্ঘ এক বছর ধরে গর্ভধারণের চেষ্টার পরেও গর্ভধারণে সফল না হলে তাকে বন্ধ্যাত্ব বলা যাবে। তবে এ জরিপে অংশগ্রহণকারী ৪২ শতাংশ নারীই এটি জানেন না।
২৫ থেকে ৪০ বছর বয়সী ৩০ শতাংশ নারী জানেন যে, অতিরিক্ত ওজনের ফলে গর্ভধারণের সক্ষমতা কমে যেতে পারে। মাত্র ৩৬ শতাংশ নারী জানেন যে, বয়স বাড়ার সঙ্গে গর্ভধারণের সক্ষমতা কমতে থাকে।
মাত্র ৪৩ শতাংশ নারী জানেন যে, কোনো পুরুষ শারীরিক সম্পর্ক স্থাপনে সক্ষম হলেও সন্তান উৎপাদনে সে অক্ষম হতে পারে। অথবা বয়ঃসন্ধির পরে কোনো পুরুষের মাম্পস হলে তার সন্তান উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, এ তথ্যটি জানেন মাত্র ৭৩ শতাংশ।
এসব সমস্যার চিকিৎসা নেওয়ার চেয়ে বরং ‘ঈশ্বরের ইচ্ছা’কে দায়ী করেন ৪৬ শতাংশ নারী এবং আরো ৪৬ শতাংশ নিজের ‘মন্দ ভাগ্য’কে দোষারোপ করেন।
এ গবেষণা দলের প্রধান সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল উইমেন’স সেন্টারের চিকিৎসক পি সি ওয়োং বলেন, এ ধরনের উদাসীনতার ফলে দম্পতিরা যখন আসলেই নিজেদের সমস্যাটি সম্পর্কে বুঝতে পেরে চিকিৎসার জন্য আসেন ততোদিনে অনেক দেরি হয়ে যেতে পারে।
তিনি বলেন, এসব চিকিৎসায় অপেক্ষাকৃত কমবয়সী নারীদের গর্ভধারণে সফলতার সম্ভাবনা বেশি থাকে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের জরায়ুতে ডিম্বাণুর সংখ্যা ও এর মান কমতে থাকে।
তিনি জানান, ৩০ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে এসব চিকিৎসার সফলতার সম্ভাবনা থাকে ৪০ থেকে ৫০ শতাংশ, তবে বয়স ৪০ বছরের বেশি হয়ে গেলে এ সম্ভাবনা অন্তত ১০ শতাংশ কমে যায়।
৪৪ বছর বা তার চেয়ে বেশি বয়সী নারীদের ক্ষেত্রে এ সম্ভাবনা মাত্র ১ শতাংশে নেমে আসে।
জরিপে অংশগ্রহণকারী নারীরা চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান ও মালয়েশিয়ার অধিবাসী।
ভবিষ্যতে এশিয়ার পুরুষদের ওপর একই ধরনের জরিপ চালানোর কথা চিন্তা করছেন গবেষণা প্রধান চিকিৎসক পি সি ওয়োং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০৫১ ঘ.
bdnews24