২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে তালেবান হামলার আশঙ্কা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছে, তালেবান জঙ্গিরা রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিতে হামলা চালানোর পরিকল্পনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছে, তালেবান জঙ্গিরা রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিতে হামলা চালানোর পরিকল্পনা করছে। ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্যরা যে কারাগারে আটক রয়েছে সেখানেও তালেবানরা হামলার চক্রান্ত করছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ বলেছে, আগামী দু’সপ্তাহের মধ্যে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রায় ১৬ সদস্যের সন্ত্রাসী হামলার ব্যাপারে সুস্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ‘ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ (এনসিএমসি)’র এক গোপন প্রতিবেদনে। কর্তৃপক্ষকে সতর্ক করতে প্রতিবেদনটি সব প্রাদেশিক স্বরাষ্ট্রবিভাগসহ প্রাদেশিক ও কেন্দ্রীয় পুলিশ বিভাগ এবং ইসলামাবাদের কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। এতে বলা হয়েছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলই খুব সম্ভবত জঙ্গিদের হামলার মূল লক্ষ্য। তারা জেল ভেঙে তাদের দোসরদের মুক্ত করার চেষ্টা চালাবে। এছাড়াও, প্রশিক্ষণপ্রাপ্ত তালেবান জঙ্গিরা রাওয়ালপিণ্ডি এবং ইসলামাবাদ দুই জায়গাতেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানোসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অপহরণ করার চেষ্টা নেবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২০৩৮ঘ.