২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন হত্যার অভিযান নিয়ে বই লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পেন্টাগন

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যার বর্ণনাসমৃদ্ধ প্রকাশিতব্য নতুন বইয়ের লেখকের বিরুদ্ধে সম্ভবত আইনি অভিযোগ দায়ের করতে যাচ্ছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 04:37 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যার বর্ণনাসমৃদ্ধ প্রকাশিতব্য নতুন বইয়ের লেখকের বিরুদ্ধে সম্ভবত আইনি অভিযোগ দায়ের করতে যাচ্ছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের শীর্ষ আইনজীবী জানতে পেরেছেন, ওই বইয়ের লেখক সাবেক নেভি সিল কমান্ডো সেনাবাহিনীর গোপনীয়তা ভঙ্গ করে চুক্তি লঙ্ঘণ করেছেন। পেন্টাগন জানিয়েছে, ওই নেভি সিল সদস্য ২০০৭ সালে মার্কিন নৌবাহিনীর সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত দু’টি ফরমে সই করেছিলেন বলে বিবিসি জানায়। ওই সাবেক নেভি সিল সদস্য মার্ক ওয়েন ছদ্ম নামে বইটি লেখেন। ‘নো ইজি ডে’ শিরোনামে বইটি আগামী সপ্তায় বাজারে আসার কথা রয়েছে। পেন্টাগনের উপদেষ্টা জেন জনসন বইটির লেখককে বৃহস্পতিবার লিখে জানান, আপনি গোপনীয়তা সংক্রান্ত চুক্তির লঙ্ঘণ করেছেন। ওই চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, পেন্টাগন আইনি সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে। এরআগে বইটির লেখকের প্রাণনাশের হুমকি দেখা দেয়। গত শুক্রবার আল কায়েদার ওয়েবসাইটের এক কর্মকর্তা ওই বইয়ের সম্ভাব্য লেখক সাবেক নেভি সিল কমান্ডোর একটি ছবিসহ পোস্ট দিয়ে তার নাম উল্লেখসহ লেখা হয়, “এই সেই কুকুর যে শহীদ শেখ ওসামা বিন লাদেনকে হত্যা করেছে”। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী কমান্ডো বাহিনীর প্রধান অ্যাডমিরাল বিল ম্যাকরেভেন এক খোলা চিঠিতে ঘোষণা দিয়েছেন, এই বাহিনীর বর্তমান অথবা সাবেক যে কোনো সদস্য যদি এমন কোনো স্পর্শকাতর তথ্য প্রকাশ করেন যাতে বাহিনীর সুনাম ক্ষুণœ হয়, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চিঠিতে তিনি জানিয়েছেন, “আমাদের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর বর্তমান অথবা সাবেক যে কোনো সদস্য যারা লেখালেখির সঙ্গে জড়িত তাদের লেখা প্রকাশের আগে নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখতে পর্যালোচনার জন্য উপস্থাপনে নৈতিক বাধ্যবাধকতা ও আইনি দায় রয়েছে।” বৃহস্পতিবার ফক্স নিউজ ওই গ্রন্থের লেখকের প্রকৃত নাম প্রকাশ করে। শুক্রবার আল কায়েদার ওয়েবসাইট “দ্য আল ফিদা ইসলামিক নেটওয়ার্ক” এ ওই ব্যক্তির ছবি, নাম ও বয়সসহ একটি পোস্ট প্রকাশ করে। তাতে বিভিন্ন মন্তব্য আসে। এসব মন্তব্যের মধ্যে সাবেক ওই নেভি সিল কমান্ডোকে হত্যারও আহ্বান জানানো হয়। একজন মন্তব্য করেন, “হে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি হত্যা করো”। অপর একজন লিখেছেন, “সমগ্র বিশ্বের কাছে তুমি তাকে উদাহরণ করে এই বার্তা পৌঁছে দাও যে, অন্ধকারাচ্ছন্ন দিন সমাগত।” বইটি লিখেছেন পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযান চালানো দেশটির নৌ বাহিনীর বিশেষ শাখা নেভি সিলে’র একজন সদস্য। তার সঙ্গে সহ- লেখক হিসেবে রয়েছেন একজন সাংবাদিক। ওই নেভি সিল সদস্য লাদেন হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মার্কিন ‘নেভি সিল’ বিশেষ অভিযান পরিচালনার জন্য দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি একটি বিশেষ বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩২ ঘ.