ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের রাজধানী তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ নেতৃত্বের দুই দিনের সম্মেলন শুরু হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তেহরানের আইওসি কনভেনশন সেন্টারে ন্যামের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানের ষোড়শ এ সম্মেলন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজা পাকসে, মিশরের প্রেসিডেন্ট মো. মুরসি, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন।
জাতিসংঘের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক দেশের এ জোটের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, আরব লীগের মহাসচিব নাবিল ইলারাবি ও অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগ্লুও উপস্থিত ছিলেন।
দুই দিনের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক ও দুই দিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ন্যামের এ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ এ আন্তর্জাতিক সংস্থার বর্তমানে ১২০টি সদস্য দেশ রয়েছে। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের এ সংস্থা উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকে।
তেহরান সম্মেলনের মধ্য দিয়ে মিসরের কাছ থেকে তিন বছরের জন্য ন্যামের চেয়ারম্যানের দায়িত্ব নেবে ইরান। আর সপ্তদশ সম্মেলনের আয়োজন করবে ভেনেজুয়েলা।
বিশ্বের প্রায় ৫০টির মতো দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এ সম্মেলনে অংশ নেওয়ায় ইরানের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়তে পারে বলে শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
অনেক বিশ্লেষক বলছেন, এ সম্মেলনের মাধ্যমে তেহরানের সামনে একটি সুযোগ এসেছে, ওয়াশিংটনকে দেখানো যে তারা বিশ্বের অন্যান্য দেশ থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24