২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৫ অস্ট্রেলীয় সেনা নিহত

আফগানিস্তানে আফগান সেনার পোশাক পরিহিত এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কাবুল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আফগান সেনার পোশাক পরিহিত এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক এ দু’টি ঘটনা ঘটে বলে দেশটিতে নিয়োজিত ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনায় ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে আফগান বাহিনীর ক্রমশ দূরত্ব ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুগজান প্রদেশে নিহত ও সেনারা কর্মরত ছিল বলে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী থেকে নিশ্চিত করা হয়। আফগানিস্তানে বর্তমানে ১৫শ’ অস্ট্রেলীয় সেনা নিয়োজিত রয়েছে। নিহত সেনাদের পরিবারকে ইতোমধ্যে তাদের নিহত হওয়ার সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে বলেও অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। এই নিয়ে চলতিমাসে আফগানিস্তানে এ ধরনের হামলায় ১৫ বিদেশি সেনা নিহত হলো। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এমন কি ঘাঁটিতে সব সময় সেনাদের সব সময় গুলিভর্তি ভারী অস্ত্র বহনেরও অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্টিন ডিম্পসে গত সপ্তায় কাবুল সফর করেছেন। তিনি অভ্যন্তরীণ হামলার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই ছদ্মবেশী অভ্যন্তরীণ হামলার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। কাবুল সফরকালে ডিম্পসে আফগান কর্মকর্তাদের প্রতি এ ধরনের হামলা ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তা না হলে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আফগান মিত্রদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া বন্ধ করে দিতে পারেন পশ্চিমা কমান্ডাররা। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা আফগান বাহিনীর হাতে দায়িত্ব দিয়ে তাদের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এ ধরনের হামলা ও অন্যান্য সহিংসতা মোকাবিলায় ব্যর্থতার কারণে দেশটির নিরাপত্তার ভার আফগান বাহিনী নিতে সক্ষম কি না তা নিয়ে ক্রমশ প্রশ্ন দেখা দিচ্ছে। বুধবারের হামলা সহ চলতি বছর এ ধরনের ৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৪৫ বিদেশি সেনা নিহত হয়ছে। নিহত সেনাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যাই বেশি। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সা¤প্রতিক এই ঘটনার তদন্ত চলছে। এদিকে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অস্ট্রেলীয় দুই সেনা নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, “যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আজ শুধু আমাদেরই হারাবার দিন।” তিনি আরো বলেন, আমি একটি বিবেচনায় পৌঁছেছি। আর তা থেকেই বলছি, এখনই আমাদের ফিরে আসার উপযুক্ত সময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৯ ঘ.