বৈরুত, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একক সিদ্ধান্তে সিরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে মঙ্গলবার পশ্চিমাদের সতর্ক করেছে রাশিয়া। সিরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির একদিন পর এ প্রতিক্রিয়া জানালো রাশিয়া।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁিশয়ারি জানিয়ে বলেছিলেন, সিরিয়ার বাশার আল আসাদ সরকার রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে তার বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা” নেওয়া হবে।
শীর্ষ চীনা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “আন্তর্জাতিক আইনের অনুসাশন কঠোরভাবে মেনে চলা এবং এর লঙ্ঘণ অনুমোদন না করার বিষয়ে মস্কো ও বেইজিং প্রতিশ্র“তিবদ্ধ।”
সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে গত ১৭ মাস ধরে চলা বিদ্রোহের পুরোটা সময় সিরিয়ার বিরুদ্ধে বিদেশী শক্তির সামরিক পদক্ষেপ নেওয়ার বিরোধীতা করেছে রাশিয়া ও চীন। আসাদ সরকারের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা ও তাদের মিত্র আরব দেশগুলোর তিনটি নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশদুটি।
সিরিয়া বিষয়ে পশ্চিমা শক্তি ও চীন-রাশিয়ার বিরোধী অবস্থানের কারণে জাতিসংঘের শান্তি প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন কফি আনান। তিনি জাতিসংঘের শান্তিদূত হিসেবে প্রস্তাব বাস্তবায়নে কাজ করছিলেন। গত মাসে তিনি পদত্যাগ করেন।
সিরিয়ার গত ১৭ মাসের সহিংসতায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
লিবিয়ার তুলনায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এ পর্যন্ত কম আগ্রহই দেখিয়েছে। গত বছর লিবিয়ায় পশ্চিমা শক্তিগুলোর সামরিক পদক্ষেপের ফলে ৪২ বছর ধরে লিবিয়া শাসনকারী একনায়ক মুয়াম্মাম গাদ্দাফির পতন ঘটে।
কিন্তু গত সোমবার প্রেসিডেন্ট ওবামা এ পর্যন্ত সবচেয়ে শক্ত ভাষায় সিরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট আসাদকে “রেডলাইন” অতিক্রম না করতে ও আক্রমণাত্মকভাবে অপ্রচলিত অস্ত্র স্থানান্তর না করতে সতর্ক করেন তিনি।
“এ ধরনের কিছু হলে” সিরিয়ায় অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দেবেন বলে হুমকী দেন ওবামা। আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ওবামা এ ধরনের কড়া মনোভাব প্রকাশ করেছেন বলে বিশ্লেষকদের ধারণা।
তবে পরে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনোভাবের পরিবর্তন হতে পারে।
গত মাসে প্রথমবারের মতো রাসায়নিক ও জীবাণু অস্ত্রের মজুদ থাকার কথা স্বীকার করে সিরিয়া। বিদেশী কোনো রাষ্ট্র সিরিয়ায় হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকী দেয় দেশটির সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/ ২০০৯ ঘ.
bdnews24