২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাজার হাজার ইসরায়েলিকে হত্যা করতে পারবে হিজবুল্লাহ’

বিভিন্ন ইসরায়েলি লক্ষ্যে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুলভাবে আঘাত হেনে হাজার হাজার ইসরায়েলিকে হত্যা করতে পারবে বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলকে ভয় দেখাতে হিজবুল্লাহ এমন কথা বলছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

বৈরুত, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিভিন্ন ইসরায়েলি লক্ষ্যে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুলভাবে আঘাত হেনে হাজার হাজার ইসরায়েলিকে হত্যা করতে পারবে বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলকে ভয় দেখাতে হিজবুল্লাহ এমন কথা বলছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। রমজানের শেষ শুক্রবার জুমার নামাজের পর অনুসারীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন হিজবুল্লাহার মহাসচিব সৈয়দ হাসান নসরল্লাহ। দিনটি জেরুজালেম দিবস হিসেবে পরিচিত। পরলোকগত ইরানি ধর্মীয় নেতা আয়তুল্লাহ খোমেনি দিবসটির প্রচলন করেন। নসরল্লাহ বলেন, তার দল অল্প কয়েকটি লক্ষ্যে আঘাত হেনে লাখ লাখ ইসরায়েলির জীবন “সত্যিকার নরকে পরিণত” করে দেবে। বিশ্লেষকদের ধারণা, “বড় নয় এমন অল্প কয়েকটি লক্ষ্যে আঘাত হেনে লাখ লাখ ইসরায়েলির জীবন নরকে পরিণত করার” ঘোষণার মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যে পরিণত করার কথাই বলেছেন নসরুল্লাহ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, “আমাদের দেশের ওপর যে কোনো হামলার যে কোনো পর্যায়ে আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য বাধ্য হলে আমরা এ ধরনের লক্ষ্যে হামলা চালাতে দ্বিধা করবো না।” “আমি ইসরায়েলিদের বলতে চাই, তোমাদের বেশ কয়েকটি লক্ষ্য আছে, তবে সংখ্যায় খুব বেশি না। নির্ভুল রকেটের সাহায্যে সেগুলোতে হামলা চালানো সম্ভব। আর আমাদের কাছে এসব রকেট আছে,” বলেন তিনি। “অল্প কয়েকটি রকেটের সাহায্যে এই লক্ষ্যগুলোতে হামলা চালালে লাখ লাখ জায়নবাদীর জীবন সত্যিকার নরকে পরিণত হবে,” বলেন নসরল্লাহ। তিনি আরো বলেন, “ইরানে হামলা চালাবে কিনা তা নিয়ে এখনো বিতর্ক করছে ইসরায়েল। কারণ ইসরায়েল জানে ইরান শক্তিশালী ও সাহসী। আমরা সবাই জানি, যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রতিক্রিয়া হবে ব্যাপক ও ভয়াবহ।” ইরানের পরমাণু কর্মসূচীকে হুমকী হিসেবে বিবেচনা করছে ইসরায়েল। ইরানে হামলা করার কথাও বিবেচনা করছে। তবে ইরানে হামলার আগে নসরল্লাহর ঘোষণাকেও ইসরায়েলের বিবেচনায় আনতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে মনে করা হয়। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট সঙ্কট কূটনীতিক পন্থায় সমাধান করা না গেলে হামলার হুমকী দিয়ে আসছে দেশটি। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো মনে করে পরমাণু প্রকল্পের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। আর ইরানের দাবী, বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু প্রকল্প পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১৪ ঘ.