বৈরুত, আলেপ্পো, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা ‘যুদ্ধের পথ বেছে নিয়েছে’ অভিযোগ করে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনে ইতি টানার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের সহকারী শান্তিরক্ষা প্রধান এডমন্ড মুলেট।
বৃহস্পতিবার জাতিসংঘের কর্মকর্তরা জানিয়েছেন, সিরিয়ায় অবস্থান করা জাতিসংঘের বাকী কয়েক ডজন পর্যবেক্ষক আগামী ২৪ অগাস্টের মধ্যে দামেস্ক ছেড়ে আসবে।
“দু’পক্ষই সরাসরি সংঘাত ও যুদ্ধের পথ বেছে নিয়েছে এটি স্পষ্ট, এ অবস্থায় সহিংসতা কমিয়ে আনার জন্য রাজনৈতিক আলোচনা ও মধ্যস্থতার সুযোগ প্রায় নেই বললেই চলে,” বলেন মুলেট।
সিরিয়া প্রসঙ্গে বৃহৎ শক্তিগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে জাতিসংঘের শান্তি প্রচেষ্টা কোনো গতি পায়নি। এতে হতাশ হয়ে দু’সপ্তাহ আগে শান্তি প্রচেষ্টায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা ত্যাগ করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তার চার মাসের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
এদিকে, বৃহত্তম শহর আলেপ্পোকে ঘিরে সিরিয়ার গৃহযুদ্ধ আবর্তিত হচ্ছে আর প্রতিবেশী লেবাননে সম্প্রদায়গত পাল্টাপাল্টি অপহরণ চলছে। শিয়াদের অপহরণের পাল্টা হিসেবে সুন্নিদের অপহরণ করা হচ্ছে, আর সুন্নিদের পাল্টা হিসেবে শিয়াদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
এসব যখন চলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ প্রশ্নে পশ্চিমা শক্তিগুলো ও রাশিয়া পরস্পর বিরোধী অবস্থান নিয়ে আছে।
বৃহস্পতিবার বিদ্রোহীরা দাবি করেছে, ১৮ জুলাইয়ের বোমা হামলায় জ্যেষ্ঠ সামরিক ব্যক্তিত্ব প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের একটি পা হারিয়েছেন। দামেস্কের গোয়েন্দা কার্যালয়ে চালানো ওই আত্মঘাতী হামলায় আসাদের ঘনিষ্ঠ শীর্ষ চার কর্মকর্তা নিহত হন।
আসাদ সরকারের ঘনিষ্ঠ লেবাননের এক রাজনীতিক জানিয়েছেন, মাহের মারাত্মকভাবে আহত হয়েছেন বলে তিনি সন্দেহ করেন।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম বলেছেন, সিরিয়ার সেনাবাহিনীকে পরাজিত করার বিদ্রোহীদের আশা একটি “খোয়াব”।
ওদিকে, কফি আনানের শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিশ্র“তি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.
bdnews24