ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে নিমরোজ প্রদেশের রাজধানী জারানজ এর ৪ টি স্থানে মঙ্গলবার বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
হামলাকারীরা জনাকীর্ণ একটি বাজারে হামলা চালায়। প্রাদেশিক উপ পুলিশ প্রধান মুজিবুল্লাহ লতিফি জানান, হামলাকারীদের কয়েকজনকে পুলিশ হত্যা করেছে।
পুলিশ গুলি চালালে দুই বোমা হামলাকারীর বিস্ফোরক বিস্ফোরিত হয় বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।
আফগানিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা বিবিসি কে জানান, জারানজ এ অনুপ্রবেশ করেছে কমপক্ষে ১৪ জন আত্মঘাতী হামলাকারী। এদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ আত্মঘাতী হামলার চক্রান্তকারী সন্দেহে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করার পরদিনই এ হামলা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২০৫৫ঘ.
bdnews24