২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সেনাবাহিনীতে রদবদল প্রত্যাশিত: পেন্টাগন

মিশরের সেনাবাহিনীর রদবদল প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসি দেশের প্রভাবশালী সামরিক বাহিনীর দুই শীর্ষ জেনারেলকে অবসরে পাঠানোর একদিন পরই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের সেনাবাহিনীর রদবদল প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসি দেশের প্রভাবশালী সামরিক বাহিনীর দুই শীর্ষ জেনারেলকে অবসরে পাঠানোর একদিন পরই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দেয়। রোববার মিশরের সশস্ত্র বাহিনী প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি এবং সামরিক বাহিনীর চিফ-অব-স্টাফ সমি আনানকে রোববার পদত্যাগ করে অবসরে যাওয়ার নির্দেশ দেন মুরসি। মিশরের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে কয়েক সপ্তা ধরে চলমান উত্তেজনার মধ্যে মুরসি এই পদক্ষেপ গ্রহণ করেন বলে বিবিসি জানায়। প্রেসিডেন্ট মুরসির এই ঘোষণায় আন্তর্জাতিক পর্যায়ে সবাই বিস্মিত হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওই ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। বিবিসির ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, মিশরের সেনাবাহিনীতে রদবদল করে যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তারা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন। এদের সবার সম্পর্কেই পেন্টাগন অবহিত। পেন্টাগনের মুখপাত্র জর্জি লিটিল সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট মুরসি সেনাবাহিনীর নেতৃত্বে কিছু পরিবর্তন আনবেন, নতুন নেতৃত্ব ঘোষণা করবেন আমরা এমন প্রত্যাশাই করেছিলাম।” যুক্তরাষ্ট্রের পেন্টাগন মিশরের সেনা বাহিনীকে বড় ধরনের সহায়তা দিয়ে থাকে। পেন্টাগন জানিয়েছে, মিশরের সেনাবাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে বলে তারা আশা করছে। গত বছর মিশরে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের শাসক হোসনি মুবারকের পতনের পর শাসন ক্ষমতা সেনা বাহিনীর জেনারেলদের হাতে চলে যায়। ফিল্ড মার্শাল তানতাবি কয়েকদশক ধরেই যুক্তরাষ্ট্রের সেনা প্রধানদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তানতাবি সশস্ত্র বাহিনী প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেনা গোয়েন্দা প্রধান আবদুল ফাতাহ আল সিসি। আল সিসি সম্পর্কে পেন্টাগন মুখপাত্র লিটিল বলেন, “নতুন প্রতিরক্ষামন্ত্রী এমন একজন হয়েছেন যাকে আমরা চিনি এবং জানি। তিনি সেনা বাহিনীর সর্বোচ্চ পরিষদের (এসসিএএফ) প্রধান মনোনীত হয়েছেন। আমরা বিশ্বাস করি, অতীতে মিশরের সঙ্গে যেমন শক্তিশালী অংশিদারিত্বের সম্পর্ক ছিল তা অব্যাহত থাকবে।” ১৯৭৯ সালে মিশর-ইসলায়েল শান্তিচুক্তি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে মিশর। এরআগে মিশরের প্রেসিডেন্ট মুরসি জানিয়েছেন, দেশের মঙ্গলের জন্যই মিশরের দুই শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এর কারণ না জানালেও এখন বিষয়টি এভাবেই ব্যাখ্যা করলেন তিনি। এক ভাষণে মুরসি বলেন, “আমি নির্দিষ্ট কাউকে লক্ষ করে এ সিদ্ধান্ত নেইনি। কোনো প্রতিষ্ঠানকে বিব্রতও করতে চাইনি। স্বাধীনতা খর্ব করাও আমার লক্ষ্য নয়।” “আমার এ সিদ্ধান্তের মানে কারো সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেওয়া নয়। বরং জাতি ও জনগণের উপকারের জন্যই আমি একাজ করেছি, এটাই আমার লক্ষ্য।” সশস্ত্র বাহিনীর প্রশংসা করে মুরসি বলেন, “তারা এখন দেশ ও জনগণকে সুরক্ষা দেওয়ার কাজে মনোনিবেশ করতে পারবে।” রোববার মুরসি দুই জেনারেলকে সরানোর পাশাপাশি প্রেসিডেন্টের ক্ষমতা খর্বকারী সাংবিধানিক সংশোধনীও বাতিল করেন। যে সংশোধনী এনেছিল সামরিক পরিষদ। চলতি বছরের জুনে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট মুরসি ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সদস্য। গত বছর প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে ব্রাদারহুড ও সেনাবাহিনীর সম্পর্কে টানাপড়েন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৪ ঘ.