আল-আরিশ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের গোলযোগপূর্ণ সীমান্ত অঞ্চল সিনাইয়ে শান্তিরক্ষী সেনাদের ওপর রোববার হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী।
এক নিরাপত্তা সূত্র জানায়, সিনাইয়ের কেন্দ্রস্থল উম সাইহানয়ে এ হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গত সপ্তাহে মিশরের সীমান্ত চৌকিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৬ পুলিশকে হত্যার পর থেকেই ওই অঞ্চলের জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
এ অভিযানের কয়েকদিনের মধ্যেই সেনাদের ওপর এ হামলা হল।
এর আগে হামলাস্থলের কাছেই মিশরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারী একটি দলের সংঘর্ষ হয়। অস্ত্রধারীরা পুলিশের একটি তল্লাশিকেন্দ্রে গুলি ছুড়লে সংঘর্ষ বাধে।
গত বুধবার থেবে সিনাইয়ে পুলিশের তল্লাশিকেন্দ্রগুলো এ ধরনের সশস্ত্র হামলার শিকার হচ্ছে।
সীমান্ত অঞ্চলে জঙ্গি নির্মূল করতে বৃহস্পতিবার মিশর ওই এলাকায় শ’ শ’ সেনা ও সাঁজোয়া যান পাঠিয়েছে। অভিযানে সন্ত্রাসী সন্দেহে অন্তত ২০ জনকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন কমান্ডাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৩৫১ঘ.
bdnews24