২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পৃথক হামলায় ৬ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে ন্যাটোর একটি ঘাঁটিতে এক বেসামরিক আফগানের গুলিতে শুক্রবার তিন বিদেশি সেনা নিহত হয়েছে। একই দিন পৃথক এক ঘটনায় এক আফগান পুলিশ সদস্যের গুলিতে আরো তিন বিদেশি সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে ন্যাটোর একটি ঘাঁটিতে এক বেসামরিক আফগানের গুলিতে শুক্রবার তিন বিদেশি সেনা নিহত হয়েছে। একই দিন পৃথক এক ঘটনায় এক আফগান পুলিশ সদস্যের গুলিতে আরো তিন বিদেশি সেনা নিহত হয়েছে। শনিবার আইএসএএফ-এর বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। আইএসএএফ-এর মুখপাত্র বলেন, “সাধারণ পোশাক পরিহিত গুলিবর্ষণকারী ওই ব্যক্তি একজন সরকারি চাকুরে ছিলেন যাকে ওই ঘাঁটিতে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছিল। তবে সে আফগান বাহিনীর সদস্য কি না সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।” তবে ওই মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ওই আফগান-ন্যাটো ঘাঁটিতে ওই ব্যক্তি কীভাবে অস্ত্র সংগ্রহ করলো সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু ওই মুখাপাত্র জানায়নি। শুক্রবার, এক আফগান পুলিশ কর্মকর্তাকে খাওয়ার আমন্ত্রণ জানানো হয়। তাতে অংশ নিয়ে ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের চার সেনা সদস্যকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে তিন সেনা নিহত হন। আফগান কর্মকর্তার সূত্রে এ খবর জানা গেছে। আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিশ্চিত করেছে, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সানজিন জেলায় আফগান পুলিশের পোশাক পরিহিত এক কর্মকর্তার গুলিতে তাদের তিন সেনা নিহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তারা জানায়নি। চলতি বছর তথাকথিত ‘গ্রিন-অন-ব্লু’ ক্যাটাগরির ২৩টি হামলায় ৩০ জনেরও বেশি ন্যাটো সেনা নিহত হয়। আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র মিত্র ন্যাটো বাহিনীর দিকে প্রয়োগ করাকে ‘গ্রিন-অন-ব্লু’ হামলা বলে অভিহিত করা হয়। এসব হামলার ফলে ন্যাটো ও আফগান বাহিনীর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ক্রমে বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ ঘ.