প্যারিস, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে মানুষের মধ্যে ধার্মিকতা কমছে এবং ঐতিহ্যগতভাবে ক্যাথলিক আয়ারল্যান্ডে মানুষের ধর্মীয় বিশ্বাসে সবচেয়ে বেশি চিড় ধরেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় বিশ্বাস ও নাস্তিকতার ক্ষেত্রে বৈশ্বিক প্রবণতা বিষয়ক নতুন এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
উইন-গ্যালাপ ইন্টারন্যাশনাল পরিচালিত এই জরিপের ফল অনুযায়ী, মাত্র ৪৭ শতাংশ আইরিশ নিজেদেরকে ধার্মিক দাবি করেছে, যা পূর্ববর্তী ২০০৫ সালের একই ধরনের জরিপে রেকর্ডকৃত ৬৯ শতাংশ থেকে ২২ পয়েন্ট কম।
৫৭টি দেশে জরিপ চালিয়ে মানুষের গড় ধার্মিকতা দেখা গেছে ৫৯ শতাংশ। এ হার ২০০৫ সালের পর থেকে ৯ পয়েন্ট কম। একইসময়ে বিশ্বব্যাপী নাস্তিকদের সংখ্যা এ বছর ৭ শতাংশে দাঁড়িয়েছে। ২০০৫ সালে যা ছিল ৪ শতাংশ। ফ্রান্সেই এ হার সবচেয়ে বেশি দেখা গেছে।
দেশগুলোর ৫০ হাজারেরও বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়েছে। প্রার্থনায় মানুষের উপস্থিতি, অনুপস্থিতি এবং নির্বিশেষে তারা নিজেদেরকে ধার্মিক, অধার্মিক বা নাস্তিক- কোনটি মনে করে মূলত তাই খতিয়ে দেখার চেষ্টা করা হয় জরিপে।
অন্যদিকে, আয়ারল্যান্ডে ধর্মীয় বিশ্বাসে সবচেয়ে বেশি চিড় ধরেছে মূলত গির্জার যাজকদের যৌন কেলেংকারির ঘটনার কারণে। আয়ারল্যান্ডে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি রিসার্চ এর ব্যবস্থাপনা পরিচালক সিনেড মুনি এমনটাই মনে করেন। তিনি আরো বলেন, “এছাড়া কোনো দেশ যখন ধনী হতে থাকে তখন মানুষের ধর্মীয় বিশ্বাস কমতে থাকে। আয়ারল্যান্ডের ক্ষেত্রে এমনটি ঘটেছে।”
জরিপ অনুযায়ী, যেসব দেশের মানুষ নিজেদের ধার্মিক বলে দাবি করেছে এর মধ্যে ঘানায় এ হার ৯৬ শতাংশ, নাইজেরিয়ায় ৯৩ শতাংশ ও মেসিডোনিয়ায় ৯০ শতাংশ। সবচেয়ে বেশি নাস্তিক জাপানে (৩১ শতাংশ)। এর পরে রয়েছে- চেক প্রজাতন্ত্র (৩০ শতাংশ) এবং ফ্রান্স (২৯ শতাংশ)।
জরিপে অংশ নেওয়া ৫১ হাজার ৯২৭ জনের মধ্যে ৯৭ শতাংশ বৌদ্ধ, ৮৩ শতাংশ প্রোটেসট্যান্ট, ৮০ শতাংশ হিন্দু এবং ৮১ শতাংশ ক্যাথলিক নিজেদের ধার্মিক বলে বর্ণনা করে। গড় ধার্মিকতা
কমে মুসলমানদের মধ্যে ৭৪ শতাংশ এবং ইহুদিদের মধ্যে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে।
আফ্রিকায় ধার্মিক মানুষের সংখা সবচেয়ে বেশি- ৮৯ শতাংশ। এরপরে রয়েছে দক্ষিণ আমেরিকা (৮৪ শতাংশ), দক্ষিণ এশিয়া (৮৩ শতাংশ) ও আরব বিশ্ব (৭৭ শতাংশ)।
অঞ্চল হিসেবে সবচেয়ে কম ধার্মিক (১৭ শতাংশ) উত্তর এশিয়ায়, এর পরে রয়েছে পূর্ব এশিয়া (৩৯ শতাংশ), উত্তর আমেরিকা (৫৭ শতাংশ), পশ্চিম ইউরোপ (৫১ শতাংশ) ও পূর্ব ইউরোপ (৬৬ শতাংশ)।
যে সব দেশে ধর্মভীরু মানুষের হার বেশি তার মধ্যে রয়েছে মুসলিম ইরাক (৮৮ শতাংশ), পাকিস্তান (৮৪ শতাংশ), আফগানিস্তান (৮৩ শতাংশ) এবং ফিলিস্তিন এলাকা (৬৫ শতাংশ)।
ধার্মিকতায় ব্যাপকতর পতন হয়েছে ভিয়েতনামে, ২০০৫ সালে ৫৩ শতাংশ থেকে কমে ৩০ শতাংশে নেমেছে।
২০০৫ সালের পর থেকে ‘ধার্মিকতার উল্লেখযোগ্য পতন ঘটেছে’ এমন দেশগুলোর মধ্যে আরো রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা।
নিজেদেরকে ধার্মিক হিসেবে পরিচয় দেয় যুক্তরাষ্ট্রে এমন মানুষের সংখ্যা ১৩ শতাংশ কমে ৬০ শতাংশে দাঁড়িয়েছে। উপরন্তু ২০০৫ সালের পরে যুক্তরাষ্ট্রে নাস্তিক পরিচয় দানকারী মানুষের সংখ্যা ৪ শতাংশ বেড়েছে।
তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে অধিকাংশ দেশে এক দশকের পুরনো ধার্মিকতার প্রবণতা হ্রাসের পরিসংখ্যানের ফলাফলের কোন ব্যাখ্যা দেওয়া হয়নি এই জরিপে।
তবে ভিয়েতনামে কম্যুনিস্ট সরকার কিছু ধর্মীয় স্বাধীনতা দেওয়ার পরও কেন তা ধার্মিকতা হ্রাসের ক্ষেত্রে শীর্ষে থাকলো তা স্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এলকিউ/এইচএ/২১৪৪ঘ.
bdnews24