২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনাই অভিযানে আদিবাসীদের সমর্থন

মিশরের গোলযোগপূর্ণ সীমান্ত অঞ্চল সিনাইয়ে নিরাপত্তা ফিরিয়ে আনতে সহায়তায় রাজি বেদুঈন আদিবাসী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের গোলযোগপূর্ণ সীমান্ত অঞ্চল সিনাইয়ে নিরাপত্তা ফিরিয়ে আনতে সহায়তায় রাজি বেদুঈন আদিবাসী নেতারা। মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ গামাল আল দিনের সঙ্গে আলোচনায় নেতারা চোরাচালানের সুড়ঙ্গপথগুলো ধ্বংসের পরিকল্পনাও সমর্থন করেছে। রোববার মিশরের সীমান্ত চৌকিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৬ পুলিশকে হত্যার পর থেকে ওই অঞ্চলের জঙ্গিদের বিরুদ্ধে সামিরক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। এ অভিযানে সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার সিনাইয়ে ৬ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে মিশরের এক সামরিক সূত্র। অভিযানে আদিবাসীদের সমর্থন আদায়ের চেষ্টায় স্বরাষ্ট্রমন্ত্রী গামাল বৃহস্পতিবার রাতে গাজা সীমান্তের ৫০ কিলোমিটার পশ্চিমের একটি স্থানে তাদের সঙ্গে বৈঠকে বসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “জনগণের (সিনাই) সহায়তায় অভিযান সফল হবে।” ওদিকে, আল-রিশাদ আদিবাসী গোষ্ঠীর সদস্য শেখ আতেফ জাইদ বলেন, “উপস্থিত সবাই সামরিক অভিযানে সহায়তা করার প্রতিশ্র“তি দিয়েছে। সিনাইয়ের নিরাপত্তার সঙ্গে মিশরের নিরাপত্তার বিষয়টি জড়িত।” আদিবাসীরা সিনাই থেকে গাজায় চোরাচালানের সুড়ঙ্গপথগুলো ধ্বংসের ব্যাপারে একমত হয়েছে বলে জানান আরেক আদিবাসী নেতা। রোববার জঙ্গিরা গাজা থেকে সীমান্ত অতিক্রম করে সিনাইতে ঢুকে পড়ে একটি চৌকিতে হামলা চালিয়ে ১৬ পুলিশ সদস্যকে হত্যার পর সেখান থেকে দু’টি গাড়ি চুরি করে ইসরায়েল সীমান্তের দিকে রওনা হয়। পরে ইসরায়েলি সীমান্ত রক্ষীদের গুলিতে সবাই নিহত হয়। এরপরই মিশর কর্তৃপক্ষ হামলাকারীদের নির্মূলের ঘোষণা দেয়। ওই হামলার পর সোমবার আক্রান্ত এলাকা পরিদর্শন করেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল হোসেন তানতাবি। মিশর সিনাই উপদ্বীপের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। ফেইসবুকে নিজেদের পাতায় মিশরের সেনাবাহিনী উলে¬খ করেছিল, “সিনাইয়ে অস্থিরতা বাড়তে থাকলেও সেনাবাহিনী এখনো ধৈর্য্য ধরে আছে। তবে অস্থিরতা মাত্রা ছাড়িয়ে গেলে আর সহ্য করা হবে না। এসব বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে মিশরীয়রা দীর্ঘদিন অপেক্ষা করবে না।” ওই ঘোষণার দু’দিনের মধ্যেই সিনাই উপদ্বীপে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিশর। ১৯৭৯ সালে মিশর-ইসরায়েল শান্তিচুক্তির শর্তানুযায়ী মরুময় সিনাই উপদ্বীপ থেকে সেনা অবস্থান সরিয়ে নেয় মিশর। কিন্তু সেনা অনুপস্থিতির সুযোগে এলাকাটি বেদুইন লুটেরা ও সীমান্তবর্তী গাজা থেকে আসা ফিলিস্তিনি জঙ্গিদের নিরাপদ আস্তানা হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৯০৬ ঘ.