২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এক সন্তানের চিকিৎসায় অন্য সন্তান বিক্রি, গ্রেপ্তার ৪

ভারতের রাজস্থানের শ্রিগঙ্গানগর শহরে এক নবজাতককে ৪০ হাজার রুপিতে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যারালাইসিসে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য নবজাতককে বিক্রি করা হয় বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজস্থানের শ্রিগঙ্গানগর শহরে এক নবজাতককে ৪০ হাজার রুপিতে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যারালাইসিসে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য নবজাতককে বিক্রি করা হয় বলে জানা গেছে। সন্ধ্যা দেবী নামে ওই নারী ও তার স্বামী অশোক তাদের প্রতিবেশী শকুন্তলা দেবী ও বিনোদ আগরওয়াল দম্পতির কাছে নবজাতককে বিক্রি করেন বলে পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক খবরে বলা হয়। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আগের ছেলে সন্তান প্যারালাইসিসে আক্রান্ত হলে তাকে উদয়পুর হাসপাতালে ভর্তি করেন সন্ধ্যা-অশোক দম্পতি। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসায় ৪০ হাজার রুপির প্রয়োজন হবে। ওই কর্মকর্তা আরো জানান, সন্ধ্যা দেবী এই সময় গর্ভবতী ছিলেন। বিনোদ আগরওয়াল জানতে পারে প্রতিবেশী সন্ধ্যা দেবীদের টাকার প্রয়োজন। বিনোদ ওই অসুস্থ ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে চায়। কিন্তু বিনিময়ে তাকে সন্ধ্যা দেবীর গর্ভজাত সন্তানটিকে দিয়ে দিতে হবে। তবে সন্তানটিকে অবশ্যই ছেলে হতে হবে। যথাসময়ে ছেলে সন্তানের জন্ম হলে বিনোদ সন্ধ্যা দেবীকে ২০ হাজার রুপি দিয়ে দেয়। বাকী টাকা সন্তানকে হস্তান্তরের পর দেওয়া হবে বলে সমঝোতা হয়। ওই কর্মকর্তা জানান, মানবপাচারবিরোধী ব্রাঞ্চের পুলিশ এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার ভিত্তিতে তদন্ত চালায়। বুধবার সন্ধ্যা দেবী ও তার স্বামী অশোক এবং প্রতিবেশী শকুন্তলা দেবী ও তার স্বামী বিনোদ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ নিবন্ধন করা হয়। তাদের সবাইকেই বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৯ ঘ.