আলেপ্পো, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলেপ্পোয় বিদ্রোহীদের হটিয়ে সালাহাদ্দিন এলাকা দখলের দাবি করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, তুমুল লড়াইয়ের পর আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় সালাহাদ্দিন এখন পুরোপুরি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে।
কিন্তু বিদ্রোহীরা সালাহাদ্দিন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা অস্বীকার করেছে।
এলাকাটির বিদ্রোহী মুখপাত্র আবু মোহম্মদ টেলিফোনে রয়টার্সকে বলেন, “সিরিয়া বাহিনী সালাহাদ্দিনের একাংশে অবস্থান নিয়েছে। কিন্তু তারা ভেতরে ঢোকেনি। লড়াই চলছে।”
ওদিকে, সরকার পক্ষ সালাহাদ্দিনের বেশির ভাগ বিদ্রোহীই নিহত হয়েছে বলে দাবি করেছে। তারা জানায়, আরো দু’টো এলাকাতেও বিদ্রোহীরা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
বাব আল হাদিদ এবং বাব আল নায়রাব এলাকায় বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
নতুন করে বিদ্রোহী দমনাভিযানে সেনারা আলেপ্পোর অন্য আরো কয়েকটি এলাকায় প্রবেশ করেছে বলেও জানানো হয়েছে খবরে।
আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় প্রবেশমুখ সালাহাদ্দিনে আস্তানা গেড়ে তিন সপ্তাহ ধরে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা। তবে বুধবার সকালে ওই এলাকায় কয়েকটি অবস্থান থেকে বিদ্রোহীদের সরে যাওয়ার কথা জানান প্রত্যক্ষদর্শীরা।
সেনাদের হামলার মুখে অন্তত একটি ঘাঁটি থেকে বিদ্রোহীরা পিছু হটার খবর পাওয়া গেছে এদিন।
বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আর্মি’ (এফএসএ)’র সদস্য আবু ফিরাস বলেন, সালাহাদ্দিনের কেবলমাত্র একটি আস্তানা থেকে বিদ্রোহীরা সরে গেছে।
তিনি বলেন, “আমরা সরে যাইনি। আমাদের লোকজন এখনো সেখানে আছে এবং পরিস্থিতিও আমাদের অনুকূলে। আমরা কেবলমাত্র একটি ভবন থেকে সরে এসেছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা পিছু হটছি।”
“যোদ্ধারা সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নেমেছে”- বিবিসি অ্যারাবিক টিভি কে একথা বলেন ফ্রি সিরিয়ান আর্মি কমান্ডার কর্নেল মালেক কুর্দি।
এফএসএ’র আরেক কমান্ডার বলেন, “আলেপ্পোয় বর্বর হামলা চলছে সত্য। কিন্তু সেনাবাহিনী আলে্েপ্পা দখল করে নিয়েছে একথা সত্য না।”
সিরিয়ান ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সালাহাদ্দিনে এখনো লড়াই চলছে। বুধবার আলেপ্পোয় গোলা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানায় আন্দোলনকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এমএফ/এলকিউ/১৬৩৯ঘ.
bdnews24