২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হামলাকারীদের নির্মূলের ঘোষণা মিশরের

ইসরায়েলি সীমান্তে ১৬ মিশরীয় পুলিশের হত্যাকারী ইসলামি জঙ্গিরা মিশরের ভেতর থেকে হামলা চালিয়েছে বলে স্বীকার করে হামলাকারীদের নির্মূল করার ঘোষাণা দিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

রাফা, মিশর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি সীমান্তে ১৬ মিশরীয় পুলিশের হত্যাকারী ইসলামি জঙ্গিরা মিশরের ভেতর থেকে হামলা চালিয়েছে বলে স্বীকার করে হামলাকারীদের নির্মূল করার ঘোষাণা দিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। সোমবার সীমান্তের আক্রান্ত এলাকাটি পরিদর্শন করেছেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল হোসেন তানতাবি। মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিদ্রোহীরা গাজা থেকে সীমান্ত অতিক্রম করে মিশরের সিনাইতে ঢুকে পড়ে। মিশরের সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে ১৬ পুলিশ সদস্যকে হত্যার পর সেখান থেকে দু’টি গাড়ি চুরি করে ইসরায়েল সীমান্তের দিকে রওনা হয়। পরে ইসরায়েলি সীমান্ত রক্ষীদের গুলিতে সবাই নিহত হয়। ঘটনার পর সীমান্তের ওই এলাকায় সেনা মোতায়েন বৃদ্ধি করে তল্লাশি চৌকি বসিয়েছে মিশরীয় সেনাবাহিনী। সোমবার আট হামলাকারীর নিহত হওয়ার কথা জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, এ ঘটনায় “মিশরের ঘুম ভাঙবে” বলে তারা আশা করছেন। মিশর সিনাই উপদ্বীপের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। ফেইসবুকে নিজেদের পাতায় মিশরের সেনাবাহিনী বলেছে, “সিনাইয়ে অস্থিরতা বাড়তে থাকলেও সেনাবাহিনী এখনো ধৈর্য্য ধরে আছে। তবে অস্থিরতা মাত্রা ছাড়িয়ে গেলে আর সহ্য করা হবে না। এসব বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে মিশরীয়রা দীর্ঘদিন অপেক্ষা করবে না।” হামলায় নিহতদের স্মরণে কায়রোতে মঙ্গলবার এক সামরিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে এক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ। মুসলিম ব্রাদারহুড এক বিবৃতিতে সীমান্ত হামলার পেছনে ইসরায়েরি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত আছে বলে অভিযোগ করেছে। এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। ১৯৭৯ সালে মিশর-ইসরায়েল শান্তিচুক্তির শর্তানুযায়ী মরুময় সিনাই উপদ্বীপ থেকে সেনা অবস্থান সরিয়ে নিয়েছে মিশর। কিন্তু সেনা অনুপস্থিতির সুযোগে এলাকাটি বেদুইন লুটেরা ও সীমান্তবর্তী গাজা থেকে আসা ফিলিস্তিনি জঙ্গিদের নিরাপদ আস্তানা হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪০ ঘ.