আলেপ্পো, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পো ঘিরে জড়ো হচ্ছে ২০ হাজারেরও বেশি সেনা। শহরটির দখল নিয়ে সেনা-বিদ্রোহী তুমুল লড়াইয়ের মধ্যে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতেই এ বিপুল সেনাসমাবেশ।
সেনারা যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও সমরাস্ত্র নিয়ে বিদ্রোহীদের বিপর্যস্ত করে তুলেছে।
বিদ্রোহীরা জানিয়েছে, আলেপ্পোর দুটি বড় বিদ্রোহী ঘাঁটিতে সেনারা ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে।
দামেস্কে বিদ্রোহীদের সর্বশেষ ঘাটিতে হামলা চালিয়েছে সেনারা। সেখান থেকে বিদ্রোহীরা সরে গেছে বলে জানিয়েছে তারা।
ওদিকে আলেপ্পোয় তীব্র লড়াই চলাকালে শনিবার রাজধানী দামেস্কের একটি শিয়া তীর্থকেন্দ্রের প্রাঙ্গণে একটি বাস থেকে প্রায় ৪৮ জন ইরানি তীর্থযাত্রী অপহৃত হয়েছে।
অপহরণের জন্য “সশস্ত্র গোষ্ঠি”কে দায়ী করেছে সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন ও ইরানি কূটনীতিকরা।
আলেপ্পোয় বিদ্রোহীদের অবস্থানগুলো লক্ষ্য করে সেনাবাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। শহরটির কয়েকটি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে কামান, ট্যাংক থেকে গোলাবর্ষণ করছে। বিদ্রোহীরদের দমনে বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
২০ জুলাই থেকে আলেপ্পোয় সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। লড়াইটিকে সিরিয়ার গৃহযুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণী যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে।
বিদ্রোহীদের ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডার আব্দেল জব্বার জানিয়েছেন, শহরের বিদ্রোহী অধুষ্যিত সালাহ আল দিন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে সেনাবাহিনী।
সিরীয় সরকারের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “আলেপ্পোর লড়াই এখনও শুরুই হয়নি। যা চলছে তা কেবল লড়াইয়ের মহড়া। আসল লড়াই শিগগির শুরু হবে।”
সিরিয়ার উত্তরের কৌশলগত এই শহরের দখল নিয়ে লড়াই গত কয়েকদিনে আরো তীব্র হয়ে উঠেছে। রাষ্ট্রিয় টেলিভিশনে সালাহ আল দিন এলাকা ও আশপাশের এলাকায় “সন্ত্রাসী স্বেচ্ছাসেবকরা” ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবী করা হয়েছে।
আলেপ্পোর সালাহ আল দিন ও পুরানা লোহার গেট এলাকায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সম্মুখ লড়াই চলছে বলে জানিয়েছে বিবিসি।
সরকার বিরোধী আন্দোলনকারীরা দাবি করেছে, আসাদ সরকার বিরোধী ১৭ মাসের আন্দোলন-বিদ্রোহে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/২২১৩ঘ.
bdnews24