২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আকস্মিক বন্যায় ৩১ জনের মৃত্যু

হঠাৎ বন্যায় ভারতের উত্তরাঞ্চলীয় তিনটি রাজ্যে অন্তত ৩১ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সারারাত ধরে চলা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হঠাৎ বন্যা, ভূমিধস ও পানির তোড়ে ভেসে গিয়ে এসব মানুষ মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ বন্যায় ভারতের উত্তরাঞ্চলীয় তিনটি রাজ্যে অন্তত ৩১ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সারারাত ধরে চলা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হঠাৎ বন্যা, ভূমিধস ও পানির তোড়ে ভেসে গিয়ে এসব মানুষ মারা যায়। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া রাজ্যগুলো হলো উত্তরাখাণ্ড, হিমাচল ও জম্মু, জানিয়েছে দ্যা টাইমস অব ইন্ডিয়া। ভূমিধসের কারণে গাঙ্গোত্রি ও যমুনাত্রির চরধাম যাত্রা দ্বিতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। এতে অনেক তীর্থযাত্রী আটকা পড়ে আছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরখাণ্ডের গাড়োয়াল এলাকায়। এখানে রাষ্ট্রিয় একটি প্রকল্পে নিয়োজিত ১৯ জন শ্রমিক প্রবল পানির তোড়ে ভেসে যায়। এছাড়া গঙ্গা নদী তীরবর্তী গ্রামগুলো থেকে তিন দমকল কর্মীসহ আরো ছয়জন ভেসে গেছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। করনপ্রয়াগ শহরে ঘর চাপা পড়ে ছয় ও নয় বছরের দুটি শিশু মারা গেছে। এছাড়া হিমাচল প্রদেশে বিয়াস নদীর শাখা সেরির বন্যায় মারা গেছে অপর একজন। এখানে বন্যায় প্রায় ৮২টি পরিবার গৃহহীন হয়েছে। পানির তোড়ে রাজ্যগুলোর ব্রিজসহ রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো স্বাভাবিক করতে ও বিভিন্ন স্থানে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১১ ঘ.