ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের দ্বিতীয় প্রধান শহর তায়েজে গ্রেনেড হামলায় ৬ জন এবং রাজধানী সানায় এক বিস্ফোরণে ১ জন নিহত হয়েছে।
শুক্রবার পৃথক এই দুটি হামলার ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।
তায়েজে একটি ব্যস্ত বাজারে চালানো গ্রেনেড হামলায় ১০ জন আহত হয়েছে। ইফতারের পর ওই বাজারের দোকানগুলো খোলার পরপরই এই হামলা চালানো হয় বলে তায়েজের গভর্নরের কার্যালয়ের এক কর্মকর্তা জানান।
তিনি বলেন, “মোটর সাইকেলে চড়ে এক ব্যক্তি বাজারে গ্রেনেড ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।” তবে এই হামলার কারণ সম্পর্কে কোনোকিছু জানা যায়নি বলে তিনি জানান।
অন্যদিকে, রাজধানী সানায় একটি ইন্টারনেট ক্যাফেতে পেতে রাখা বোমার বিস্ফোরণে ১ জন নিহত ও অপর একজন আহত হয়েছে। স্থানীয় অধিবাসী ও চিকিৎসকসূত্রে এ খবর জানা গেছে।
গত বছর দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ’র বিরুদ্ধে তায়েজে ব্যাপক বিক্ষোভ হয়। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলতি বছরের ফেব্র“য়ারিতে ৩৩ বছর ধরে ইয়েমেন শাসনকারী সালেহ ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৯ ঘ.
bdnews24