২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা: বো জিলাইয়ের স্ত্রীর বিচার ৯ আগস্ট

চীনের চংকিং পার্টি প্রধানের পদ থেকে অপসারিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউড হত্যা মামলায় বিচার করা হবে আগামী বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের চংকিং পার্টি প্রধানের পদ থেকে অপসারিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউড হত্যা মামলায় বিচার করা হবে আগামী বৃহস্পতিবার। আইনজীবীরা শুক্রবার একথা জানিয়েছেন। চীনের পূর্বাঞ্চলীয় হেফাই নগরীর আদালতে কাইলাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মনে করা হচ্ছে। বিচারে দোষী সাব্যস্ত হলে কাইলাইয়ের মৃত্যুদণ্ড হতে পারে। গত ২৬ জুলাই কাইলাই ও তার পরিবারের এক কর্মচারি ঝাং ঝিয়াওজুন এর বিরুদ্ধে হেউডকে খুনের অভিযোগ আনা হয়। তারা দু’জন নেইল হেউডকে বিষ প্রয়োগে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ২০১১ সালের ১৫ নভেম্বরে চংকিং এর হোটেলে হেউডকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় কর্মকর্তারা প্রথমে অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যুর কথা জানালেও এপ্রিলে সরকার এক ঘোষণায় জানায়, এ ঘটনায় বো জিলাইয়ের স্ত্রী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইকে এ বছর মার্চে চংকিং এর কমিউনিস্ট পার্টি প্রধানের পদ থেকে অপসারণ করা হয় এবং পরের মাসে সরিয়ে দেওয়া হয় চীনের পলিটব্যুরো থেকে। এ বছরের শেষ দিকে চীনের শীর্ষ নেতৃত্বে পালাবদল হওয়ার কথা রয়েছে। এ পালাবদলে শীর্ষ পর্যায়ে পদোন্নতি পাওয়ার সম্ভাব্য প্রার্থী ছিলেন জিলাই। জিলাইয়ের সাবেক পুলিশ প্রধান ও চংকিংয়ের ডেপুটি মেয়র ওয়াং লিজুন মার্কিন কনস্যুলেটে একদিন কাটিয়েছেন বলে গুঞ্জন উঠলে কেলেঙ্কারির মুখে পড়েন তিনি। ওয়াং সরকার পক্ষ ত্যাগ করতে চেয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। এ ব্যাপারে দীর্ঘদিন নীরব থাকার পর জিলাই বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৭ঘ.