ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে চার দফা বোমা হামলায় অন্তত একজন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টা ২৭ থেকে রাত সোয়া ৮টার মধ্যে পুনের জংলি মহারাজ সড়ক এলাকায় এ বিস্ফোরণগুলো ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
পুলিশ জানায়, জংলি মহারাজ সড়কের ম্যাক ডোনাল্ড রেস্তোরাঁর পাশে একটি, বালগন্ধর্ব থিয়েটারের পাশে দুটি এবং একটি ব্যাংক কার্যালয়ের পাশে একটি বিস্ফোরণ ঘটে।
দুটি বোমা কেকের বাক্সের মধ্যে বসানো ছিলো। আর দুটি ছিলো বাই সাইকেলের সঙ্গে লাগানো। এছাড়া আর একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
বোমাগুলো তুলনামূলক কম ক্ষয়ক্ষতির ক্ষমতাসম্পন্ন ছিলো বলে এনডিটিভির খবরে বলা হয়।
পুনের পুলিশ কমিশনার গোপাল রায় বলেন, “এটা কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। কোনো দু®কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।”
ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সুশীল কুমার সিন্ধ দায়িত্ব গ্রহণের দিনই এ বিস্ফোরণ ঘটলো। বুধবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া জন্য পুনে যাওয়ার কথা ছিলো নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য শেষ মুহূর্তে ওই সফর বাতিল করেন তিনি।
এর আগে ২০১০ সালে পুনের একটি জনপ্রিয় বেকারিতে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১০৯ ঘ.
bdnews24