তাইপে, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধীর গতিতে ধেয়ে চলা ঘূর্ণিঝড় সাওলার প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে বুধবার সতর্কতা জারি করেছে তাইওয়ান। চীনও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্ক ব্যবস্থা নিচ্ছে।
ঘূর্ণিঝড়ে প্রাণহানি এড়াতে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
ওদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ ভূমিধস বা বন্যার কারণে কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হলে তা মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে।
ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কায় তাইওয়ানের পার্বত্যাঞ্চলীয় জনবহুল একটি গ্রামের অধিবাসীদের সরিয়ে নেওয়া এবং ওই অঞ্চলের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘূর্ণিঝড় সাওলার কেন্দ্রে এর গতিবেগ ঘণ্টায় ১১৯ কিলোমিটার। এর প্রভাবে সপ্তাহের বাকি দিনগুলোতে তাইওয়ানের অধিকাংশ এলাকাজুড়ে সর্বোচ্চ ১ হাজার মিলিমিটার বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেতে প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এ সময় তা ওই অঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ওদিকে, চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্যাটাগরি-২ বিপদসীমার ঝড় সাওলা চীনের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় আরো শক্তিশালী হয়ে ৩৬ ঘণ্টায় ক্যাটাগরি-৩ ঝড়ে রূপ নিতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৯৫২ ঘ.
bdnews24