২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে এখনো রয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাগুলো

চাঁদে শেষ অভিযানের চারদশক পরও সেখানে যুক্তরাষ্ট্রের নভোচারীদের পুঁতে রাখা পতাকাগুলো রয়েছে। শুধু অ্যাপোলো ১১ অভিযানের পতাকাটি নেই। চাঁদের প্রতিকূল পরিবেশেও এতো বছর ধরে পতাকাগুলোর টিকে থাকা খানিকটা বিস্ময়েরই বটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 03:24 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদে শেষ অভিযানের চারদশক পরও সেখানে যুক্তরাষ্ট্রের নভোচারীদের পুঁতে রাখা পতাকাগুলো রয়েছে। শুধু অ্যাপোলো ১১ অভিযানের পতাকাটি নেই। চাঁদের প্রতিকূল পরিবেশেও এতো বছর ধরে পতাকাগুলোর টিকে থাকা খানিকটা বিস্ময়েরই বটে। নাসার ক্যামেরায় ধারণ করা আলোকচিত্রে সন্নিবেশিত ছায়া বিশ্লেষণ করে স¤প্রতি এ বিষয়টি ধরা পড়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। আলোকচিত্রগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম চাঁদে অবতরণকারী অ্যাপোলো ১১ মিশনের নিল আর্মস্ট্রং-এর পুঁতে রাখা পতাকাটির হদিস পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ছয়টি মিশনের বাকী পতাকাগুলো সেখানে রয়েছে। চাঁদে অবতরণে ছয়টি মিশনে প্রতিবারই যুক্তরাষ্ট্রের নভোচারীরা তাদের জাতির বৈজ্ঞানিক ও প্রকৌশলগত উৎকর্ষ ও অর্জনের প্রতীক হিসেবে চন্দ্রপৃষ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পুঁতে রেখে আসে। ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে প্রথমবারের মতো মানুষের পদার্পণ ঘটে। অ্যাপোলো ১১ নভোযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের সঙ্গে সঙ্গে টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত বার্তায় আর্মস্ট্রং বলেন, “মানুষের একটি ছোট্ট পদক্ষেপ অথচ মানবজাতির বহুদূর এগিয়ে যাওয়া।” ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর চাঁদে শেষ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ১৭। সেই সময় থেকে ৪০ বছর অতিক্রান্ত হয়েছে। নাসার মহাশূন্যে পরিভ্রমণরত ক্যামেরার (এলআরওসি) তোলা আলোকচিত্রের বিস্তারিত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, পতাকাগুলো এখনো যথাস্থানেই টিকে রয়েছে। এলআরওসি প্রকল্পের একজন সদস্য মার্ক রবিনসন জানান, “এলওআরসি’র পাঠানো আলোকচিত্র বিশ্লেষণের মাধ্যমে এটি এখন নিশ্চিত হওয়া গেছে, আমেরিকান পতাকাগুলো তাদের স্ব স্ব স্থানে এখনো রয়েছে। শুধুমাত্র অ্যাপোলো ১১ মিশনের পতাকা ছাড়া।” তিনি আরো জানান, “ওই মিশনের নভোচারী এডউইন অলড্রিন জানিয়েছিলেন, অ্যাপোলো ১১ নভোযানটি চাঁদ ত্যাগ করার সময় সৃষ্ট চাপে ওই পতাকাটি উপড়ে গিয়েছিল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনিই সঠিক।” রবিনসন আরো জানান, “ব্যক্তিগতভাবে আমি খানিকটা বিস্মিত এ কারণে যে, চাঁদের অতিবেগুণি রশ্মি ও তাপমাত্রার পরও এতো বছর ধরে পতাকাগুলো টিকে রয়েছে। সেগুলো দেখতে এখন কী রকম হয়েছে সেটি ভিন্ন প্রশ্ন, কিন্তু চন্দ্রপৃষ্ঠের প্রকৃতি অত্যন্ত রুক্ষ। সেখানকার তাপমাত্র ২৫০ থেকে ২৮০ ডিগ্রি ফারেনহাইটে ওঠানামা করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯১৭ ঘ.