ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যে বোড়ো ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনশ’ কোটি রূপি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।
শনিবার দাঙ্গায় ক্ষতিগ্রস্ত আসামের কোকরাঝার জেলায় একটি আশ্রয় শিবির পরিদর্শন করে এ অর্থ সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাশাপাশি পৃথকভাবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দাঙ্গায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি ও আহত প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।
আসামের এ দাঙ্গা ভারতীয়দের জন্য কলঙ্কজনক মন্তব্য করে মনমোহন সিং বলেন, নয় দিন আগে শুরু হওয়া এ জাতিগত দাঙ্গা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, “হ্যা, এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত হবে। আমরা সহিংসতার কারণ বের করবো। এ দাঙ্গার জন্য কেউ উস্কানি দিয়ে থাকলে তাকে শাস্তি দেওয়া হবে।
“এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে রাজ্য সরকারকে সে ব্যবস্থা নিতে আমরা নির্দেশ দিয়েছি।”
আসামে আদিবাসী বোড়ো ও মুসলিম অভিবাসীদের সংঘর্ষে এ পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় দুই লাখ মানুষ। এদের জন্য আড়াইশ’র মতো আশ্রয় শিবির খুলেছে আসাম রাজ্য সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৩৮ ঘ.
bdnews24