ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বব্যাপী প্রচলিত অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণে একটি ঐতিহাসিক চুক্তির লক্ষ্যে জাতিসংঘে চলমান আলোচনা শুক্রবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
এ বিষয়ে তৈরি করা একটি খসড়া প্রস্তাব পেশ করা হলেও তাতে সম্মত হয়নি আলোচনায় অংশ নেওয়া কয়েকটি পক্ষ। জাতিসংঘের ১৭০টিরও বেশি সদস্য রাষ্ট্র গত একমাস ধরে এ বিষয়ে একটি চুক্তিতে সম্মত হতে আলোচনা চালিয়ে আসছিল।
বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরো সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
বিবিসির জাতিসংঘ প্রতিনিধি বারবারা প্লিট জানিয়েছেন, মাসব্যাপী বিস্তারিত আলোচনার পর শেষটা ছিল হতাশাজনক।
তবে বছরের শেষ নাগাদ বিষয়টি নিয়ে একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সম্মেলনের চেয়ারম্যান রবার্তো গারসিয়া মোরিতান।
কূটনীতিকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে আর বছরের শেষ নাগাদ এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে।
আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কয়েকটি দেশের প্রতিনিধি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে বলে জানিয়েছেন বিবিসি প্রতিনিধি। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির অস্ত্র ব্যবসায়ীদের চাপে যুক্তরাষ্ট্র এ বিষয়ে পিছু হটেছে বলে তাদের অভিযোগ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দুটি রাজনৈতিক দলের ৫১ জন সিনেটর যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী অস্ত্র বহন করার অধিকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা করার হুমকী দেয়।
প্রাথমিক ব্যর্থতা সত্বেও সম্মেলনের চেয়ারম্যান মোরিতান বলেছেন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হবেই।
“আমার কোনো সন্দেহ নেই, কারণ এর প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করছে। একটি নিয়ন্ত্রণ চুক্তি প্রয়োজন আর আমরা তা অর্জন করবো,” বলেন তিনি।
এ বিষয়ে হতাশা প্রকাশ করে কোনো চুক্তিতে একমত না হওয়াকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
তবে বিষয়টি নিয়ে দেশগুলোর আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে নিজের আশাবাদ ব্যক্ত করে এ বিষয়ে ‘দৃঢ়’ সমর্থন দেওয়ার ঘোষণা দেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফামসহ বিশ্বের বেসরকারী সংস্থাগুলোর ছয় বছর ধরে চলা অন্দোলনের ফলে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আলোচনায় সম্মত হয় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো।
চুক্তির সিদ্ধান্তে দেরি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অ্যামনেস্টি’র মহাসচিব সলিল শেঠি।
বলেছেন, “আগ্নেয়াস্ত্রের কারণে প্রতি মিনিটে একজন মারা যাচ্ছে। একটি চুক্তিতে সম্মত হতে প্রেসিডেন্ট ওবামা আরো সময় চেয়েছেন। আরো কত সময় তিনি চান?”
বিশ্বব্যাপী বার্ষিক ৬ থেকে ৭ হাজার কোটি ডলারের অস্ত্র ব্যবসা হয়ে থাকে আর প্রতি বছর অবৈধ অস্ত্র ব্যবহারে ৭ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৪ ঘ.
bdnews24