২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইনজীবী নিয়োগ দিলেন অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার আইনি পরামর্শক হিসেবে স্প্যানিশ আইন বিশেষজ্ঞ বালথাজার গারজনকে নিয়োগ দিয়েছেন। ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয়প্রার্থী অ্যাসাঞ্জকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

কুইটো, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার আইনি পরামর্শক হিসেবে স্প্যানিশ আইন বিশেষজ্ঞ বালথাজার গারজনকে নিয়োগ দিয়েছেন। ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয়প্রার্থী অ্যাসাঞ্জকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবেন তিনি। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো মঙ্গলবার এ খবর জানিয়েছেন। ইকুয়েডরের রাজধানী কুইটোতে পাতিনো বলেন, “রাজনৈতিক আশ্রয় বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য অ্যাসাঞ্জ বালথাজার গারজনকে নিয়োগ দেওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পরামর্শ পাওয়া অধিকার তার আছে, আর এজন্য আইনি বিশেষজ্ঞ নিয়োগের অধিকারও তার আছে।” অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক নথি উইকিলিকস ওয়েবসাইটে প্রকাশ করে দেন। এতে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আর এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েন অ্যাসাঞ্জ। রাষ্ট্রীয় গোপনীয়তা বিরোধী আন্দোলনের উদগাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ দায়ের হয় সুইডেনে। এ সময় যুক্তরাজ্যে নজরবন্দী ছিলেন অ্যাসাঞ্জ। মামলায় হেরে যাওয়ার পর আদালতের নির্দেশে সুইডেনের কাছে তাকে হস্তান্তরের কথা ছিল। তবে তার আগেই জামিনের শর্ত লঙ্ঘণ করে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়ে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। ১৯ জুন থেকে তিনি ইকুয়েডরের লন্ডন দূতাবাসের আশ্রয়ে আছেন। সুইডেনে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। তার আশঙ্কা সুইডেনের কাছে তুলে দেওয়া হলে তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হতে পারে আর যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তাকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত করা হতে পারে। তিন দশক ধরে অত্যন্ত জটিল ও পরস্পরবিরোধী বিভিন্ন মামলা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন মানবাধিকার তদারককারী আইনজীবী বালথাজার গারজন। ১৯৮৮ সালে চিলির সাবেক সামরিক শাসক আগুস্তো পিনোশের গ্রেপ্তার আদেশের জন্য গারজন সমধিক পরিচিত। ইকুয়েডর সরকার জানিয়েছে, অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি সব দিক চুলচেরা বিশ্লেষণ করে দেখবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২১ ঘ.