২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাসকদের অন্যায় প্রত্যাখ্যান করতে হবে’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থন ও অনুগতদের বিভিন্ন অপরাধের নিন্দা করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন পক্ষত্যাগকারী ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তলাস। তিনি মনে করেন, শাসকদের আপরাধের দায় নেওয়া সেনাবাহিনীর উচিত হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

আম্মান, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থন ও অনুগতদের বিভিন্ন অপরাধের নিন্দা করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন পক্ষত্যাগকারী ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তলাস। তিনি মনে করেন, শাসকদের আপরাধের দায় নেওয়া সেনাবাহিনীর উচিত হবে না। মঙ্গলবার আল আরাবিয়া টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। “আমি আপনাদের বলছি, সিরিয়ার আরব সেনাবাহিনীর একজন হিসেবে আমি দুর্নীতিপরায়ণ শাসকদের অন্যায় আচরণ প্রত্যাখ্যান করেছি। সেনাবাহিনীর সম্মানিত সদস্যদেরও ওই অন্যায় মেনে নেওয়া উচিত হবে না,” বলেন তলাস। ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তলাস সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের খুব কাছের মানুষ ছিলেন। আসাদের নিজস্ব গোষ্ঠী শিয়া আলাউতি গোত্রের বাইরে তলাস আসাদের ঘনিষ্ঠ চক্রের একমাত্র সুন্নি সদস্য ছিলেন। দেশটির প্রজাতান্ত্রিক রক্ষী দলের জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। কিন্তু চলতি মাসের প্রথমদিকে তিনি আসাদের পক্ষ ত্যাগ করেন। পক্ষত্যাগের পর এই প্রথম তিনি প্রকাশ্যে সিরীয় সরকারের বিরুদ্ধে বিবৃতি দিলেন। ৩২ বছর সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন তলাসের বাবা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। বিবৃতিতে তলাস সেনাবাহিনীর অন্যান্য পক্ষত্যাগী কর্মকর্তাদের মতো সেনাসদস্যদের পক্ষত্যাগের জন্য প্রত্যক্ষভাবে কিছু বলেননি। তিনি বলেছেন, আসাদপরবর্তী সময়ে সিরিয়ায় জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। “এই মহান বিপ্লবের শহীদের আত্মার শান্তির জন্য যখন আমি আল্লার কাছে প্রার্থনা করি, আমি তোমাদের সিরিয়ার ঐক্য ধরে রাখার মতো অসম্ভব কাজটিও করতে বলি।” “সিরীয় হিসেবে আমাদের একে অপরকে আশ্বস্ত করা উচিত আর শাসকসহ যারা আমাদের মধ্যে বিরোধ তৈরি করতে চায় তাদের অস্বীকার করা উচিত,” বলেন তিনি। বিবৃতি প্রকাশের সময় তিনি কোথায় ছিলেন তা প্রকাশ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২২ ঘ.