২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে নিহত ৩৩, আলেপ্পোয় জঙ্গিবিমান হামলা

সিরিয়াজুড়ে সংঘর্ষে মঙ্গলবার অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আলেপ্পোয় চলছে তুমুল লড়াই। শহরটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে জঙ্গি বিমান থেকে বোমা হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়াজুড়ে সংঘর্ষে মঙ্গলবার অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আলেপ্পোয় চলছে তুমুল লড়াই। শহরটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে জঙ্গি বিমান থেকে বোমা হামলা হয়েছে। আলেপ্পোয় জঙ্গি বিমান হামলা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। সেনাদের কাছে থেকে শহরটির নিয়ন্ত্রণ কেড়ে নিতে লড়ছে বিদ্রোহী যোদ্ধারা। তাদের ওপর পাল্টা বোমা, গোলা ও রকেট হামলা চালাচ্ছে সরকারি সেনারা। ব্যবহার হচ্ছে হেলিকপ্টার গানশিপও। আলে্েপ্পায় এই লড়াইয়ের মধ্যে কারা বিদ্রোহের ঘটনায় ৯ বন্দি নিহতের খবর পাওয়া গেছে। আলেপ্পো এবং হোমসে কয়েদিরা জেল ভেঙে বেরিয়ে আসার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। আলে্েপ্পার জেলে রাতভর সংঘর্ষে কয়েদিদের ওপর গুলি এবং কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। জেলের ভেতর আগুন ধরে যায়। ওদিকে, হোমস শহরের জেলেও বিস্ফোরণ এবং আগুন লাগার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী জেলে ঝটিকা অভিযান চালানোর হুমকি দিচ্ছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলকারীদের স্থানীয় সমন্বয় কমিটি (এলসিসি) বলেছে, “হোমস জেলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি বিরাজ করছে।” ঢালাওভাবে বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে এলসিসি। দামেস্ক ও আলে্েপ্পায় বিদ্রোহীদের হাতে চলে যাওয়া এলাকাগুলো পুনর্দখলে সেনাদের লড়াইয়ের মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে কারা বিদ্রোহের ঘটনা। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সরকার ইতোমধ্যেই রাজধানী দামেস্কের বেশিরভাগ এলাকা পুনর্দখল করেছে। মঙ্গলবার আলেপ্পোয় ৪ বেসামরিক নাগরিক ও একজন বিদ্রোহী নিহত হয়েছে, দামেস্কে নিহত হয়েছে ৪ বেসামরিক নাগরিক, দেইর এজর এ নিহত হয়েছে এক বিদ্রোহী এবং ইদলিবে ৪ সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে সোমবার সিরিয়াজুড়ে ১১৬ জন নিহত হওয়ার কথা জানায় অবজারভেটরি। লড়াই ক্রমেই তীব্র হতে থাকায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আন্তর্জাতিক স¤প্রদায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই সিরিয়াকে এ ধরনের অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করেছেন। বহির্বিশ্ব সিরিয়া পরিস্থিতি লক্ষ্য রাখছে বলে সতর্ক করেন তিনি। লড়াই থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানো সিরীয় শরণার্থীর সংখ্যা বেড়ে এক লাখ ১৫ হাজারে পৌঁছেছে এবং তা প্রতিদিনই বাড়ছে। ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা উচিত। বলে সোমবার মত প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা। সাইপ্রাসে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কর্মকর্তাদের এক বৈঠকের পর ইইউ’র বিচার ও আভ্যন্তরীণ সম্পর্ক বিষয়ক কমিশনার সেকলিয়া ম্যালমাস্ত্রম বলেন, “সেখানকার পরিস্থিতি ভয়ানক, ঘন্টার মধ্যেই চিত্র পাল্টে যাচ্ছে।” তিনি আরো জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর এক অনির্ধারিত আলোচনা থেকে তিনি জেনেছেন এক লাখ ১৫ হাজার সিরীয় ইতিমধ্যে তুরস্ক, জর্দান, লেবানন ও ইরাকে পালিয়ে গেছে। সিরিয়া থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত সাইপ্রাস বর্তমানে ইইউ’র সভাপতি। ইইউ’র অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা নিয়েছে। প্রায় ২ লাখ শরণার্থী পুনর্বাসনের উদ্যেগ নিয়েছে দেশটি। সাইপ্রাসের কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতার কারণে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শুধু তাদেরই পরিকল্পনার আওতায় নেওয়া হবে। সাধারণ সিরীয় উদ্বাস্তুরা এই পরিকল্পনায় আওতায় পড়বেন না। ইউএনএইচসিআর এর তথ্যানুযায়ী, ম্যালমাস্ত্রম জানান, ৪২ হাজার সিরীয় পালিয়ে তুরস্কে চলে গেছে, লেবানন ও জর্দানে গেছে ৩০ থেকে ৪০ হাজার শরণার্থী এবং ইরাকে গেছে ৮ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৭ঘ.