ওয়াশিংটন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইডস মোকাবিলায় বেশ কিছু অগ্রগতি ঘটলেও এ রোগের ‘গতিপ্রকৃতি’ ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি সারাবিশ্বে এখনও সৃষ্টি হয়নি বলে মনে করছেন মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
সোমবার ওয়াশিংটনে নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে একথা জানান তিনি।
এইডস নিরাময়ের পক্ষে কাজ করেন গেটস।
ওয়াশিংটনে বর্তমানে আন্তর্জাতিক এইডস সম্মেলন চলছে। সম্মেলনে এ সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো ‘টার্নিং দ্য টাইড’।
গত সপ্তাহে জাতিসংঘের প্রকাশিত হিসেব অনুযায়ী, ২০১০ সালে সারাবিশ্বে এইডসে মৃত্যুর সংখ্যা ১৮ লাখ হলেও গত বছর তা কমে ১৭ লাখে দাঁড়িয়েছে।
এ সংখ্যা উল্লেখ করে গেটস বলেন, “এ রোগ প্রতিরোধের ক্ষেত্রে অগ্রগতি হলেও এখনও এতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে।”
তিনি বলেন, “গবেষণা ও ৮০ লাখ দরিদ্র মানুষের জীবন রক্ষায় ওষুধ সরবরাহকারী ধনী রাষ্ট্রগুলোকে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর এতে করে এইডসের জন্য অর্থায়ন হুমকির মুখে পড়েছে।”
জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়, গত বছর এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসায় মোট ১৬.৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিলো যার ৮.২ বিলিয়ন ডলারই এসেছিলো যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে।
তবে দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলোকে এইচআইভি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। গত বছর এসব দেশে এ রোগের ক্ষেত্রে ব্যয় হয়েছে ৮.৬ বিলিয়ন ডলার।
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ পর্যন্ত ২.৫ বিলিয়ন ডলার দিয়েছে এবং গ্লোবাল ফান্ড অব ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়াতে আরো ১.৪ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৫ ঘ.
bdnews24