ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউবার প্রখ্যাত ভিন্নমতাবলম্বী ওসওয়াল্ডো পায়া গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কিউবার কম্যুনিস্ট সরকারের কট্টর সমালোচক ছিলেন।
পায়ার সহআন্দোলনকারীরা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
কিউবার পূর্বাঞ্চলীয় গ্রানমা প্রদেশে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। এখানকার বায়ামো শহরের কাছে ভ্রমণরত অবস্থায় পায়াকে বহনকারী গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
‘ভেরেলা প্রজেক্ট’ নামে পরিচিত কিউবার নাগরিক অধিকার আন্দোলনের তিনি নেতা ছিলেন। তাকে কিউবার ক্ষুদ্র বিরোধী দলের প্রধান মুখপাত্র হিসেবে বিবেচনা করতো বিশ্লেষকরা।
বায়ামোর এক ক্যাথলিক চার্চের এক কর্মকর্তা জানান, স্থানীয় হাসপাতাল থেকে তাকে ও অন্যান্য আন্দোলনকারীকে পায়ার মৃত্যুর খবর জানানো হয়েছে। শনাক্ত করার জন্য তাদের পায়ার লাশ দেখানো হয় বলে জানান তিনি।
কিউবার আরেক ভিন্নমতালম্বী ব্লগার ইয়োনি সানচেজ টুইটারে পায়ার মৃত্যু সংবাদ দিয়েছেন। পায়ার অবস্থান “সমালোচনার ঊর্ধ্বে” মন্তব্য করে তার মৃত্যুকে কিউবার জন্য অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন।
গত অক্টোবরে কিউবার আরেক প্রখ্যাত ভিন্নমতাবলম্বী ‘লেডিস ইন হোয়াইট’ আন্দোলনের প্রতিষ্ঠাতা লরা পোলানেরও মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৯ ঘ.
bdnews24