২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রণবসমর্থকরা

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রোববার সকালে। বিকালেই ফল ঘোষণা হওয়ার কথা, যদিও হিসাব কষে আগেই সবাই জেনে গেছে- কে যাচ্ছেন রাইজিনা হিলের রাষ্ট্রপতি ভবনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রোববার সকালে। বিকালেই ফল ঘোষণা হওয়ার কথা, যদিও হিসাব কষে আগেই সবাই জেনে গেছে- কে যাচ্ছেন রাইজিনা হিলের রাষ্ট্রপতি ভবনে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার দিনভর ভোট দেন ভারতের সাংসদ ও বিধায়করা। তবে গুরুত্বপূর্ণ শরিকদের সমর্থন টানতে পারায় ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ই যে জয়ী হচ্ছেন- তা নিশ্চিত হয়ে যায় ভোটের আগেই। ইউপিএ জোটের বাইরের কিছু দলও এ নির্বাচনে প্রণবকে সমর্থন দিয়েছে। রাষ্ট্রপতি পদের লড়াইয়ে প্রণবের প্রতিদ্বন্দ্বী ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন পাওয়া পিএ সাংমা। সাংমা লোকসভার সাবেক স্পিকার। এ নির্বাচনে বিজয়ী প্রার্থীই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হবেন। গত বৃহস্পতিবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং রাজ্যগুলোর বিধানসভার সদস্যরা প্রত্যেক রাজ্যের বিধানসভা ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেন। ভারতের নিয়ম অনুযায়ী, এই নির্বাচনে একজন সদস্যের ভোটমূল্য নির্ধারিত হয় প্রত্যেক রাজ্যের মোট জনসংখ্যার অনুপাত অনুযায়ী। অর্থাৎ, রাজ্যের প্রকৃত ভোটার আর বিধানসভা আসনের অনুপাতই হলো ওই রাজ্যের বিধায়কের ভোটমূল্য। পাশাপাশি দেশের মোট ভোটারকে লোকসভা ও রাজ্যসভার সদস্যসংখ্যা দিয়ে ভাগ করা হয়। এভাবে রাজ্যসভা ও লোকসভার ভোটমূল্য নির্ধারিত হয়। ভারতের দুই সংসদে ৭৭৬ জন সাংসদ ও চার হাজার ১২০ জন বিধায়ক মিলিয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা ও বিধানসভার ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৮৮২। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে পেতে হবে ন্যূনতম পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভোটমূল্যের বিচারে ইউপিএ জোট অনেক এগিয়ে আছে। তাদের মোট ভোট ৭ লাখ ১৭ হাজার ৭৯৬টি। আর তাই রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা সময়ের ব্যাপার বলেই মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে এই প্রথমবারের মতো একজন বাঙালিকে রাষ্ট্রপতি হিসাবে পেতে যাচ্ছে ভারত। শুরুতে প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী হিসেবে মানতে রাজি হননি ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জোটের ভেতর চাপা উৎকণ্ঠাও তৈরি হয়। শেষ পর্যন্ত মমতা পিছু হটেন, প্রণবের প্রার্থিতায় সমর্থন দেন। এদিকে চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় থাকা প্রণবসমর্থকরা ইতোমধ্যে উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার জন্য প্রণব মুখোপাধ্যায়ও প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২০৮ ঘ.