২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট আসাদকে যেতেই হবে: ক্যামেরন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অবশ্যই সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

কাবুল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অবশ্যই সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার আফগানিস্তান সফরকালে সাংবাদিকদের উদ্দেশ্যে ক্যামেরন এসব কথা বলেন। এ সময় তিনি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আগেই দামেস্ককে সরকারের পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি পরিষ্কার ভাবে এই বার্তাই প্রেসিডেন্ট বাশারকে জানিয়ে দিতে চাই যে, আপনার যাবার সময় এখনই। এখনই সরকারের ক্ষমতা হস্তান্তরের সময়। কিন্তু যদি তা না হয়, এ অত্যন্ত পরিষ্কার যে, গৃহযুদ্ধ অত্যাসন্ন।” তিনি আরো বলেন, “আর প্রেসিডেন্ট পুতিন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যের প্রতি আহ্বান, পরিষ্কার ও কঠোর ভাষায় নিষেধাজ্ঞা আরোপের এখনই সময়।” বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের ‘জাতীয় নিরাপত্তা’ দপ্তরে এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাউদ রাজিহাসহ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শ্যালক ও উপ প্রতিরক্ষামন্ত্রী আসেফ শওকত নিহত হয়েছেন। ‘সন্ত্রাসী বোমা’ হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। গুরুতর আহত হয়েছেন জাতীয় নিরাপত্তা প্রধানসহ স্বরাষ্ট্রমন্ত্রীও। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এবং একটি জিহাদি গ্র“প ‘লর্ড অফ দ্য মার্টার্স ব্রিগেড’ হামলার দায় স্বীকার করেছে। দামেস্কের রাওডা এলাকায় ‘জাতীয় নিরাপত্তা’ ভবনের ওই দপ্তরে রয়েছে দেশের প্রধান একটি গোয়েন্দা শাখা। মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক চলাকালে সেখানে হামলা হয়। ওই হামলার একদিন পরই আফগানিস্তান সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়া সম্পর্কে এই মন্তব্য করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৮ ঘ.