করাচি, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচিতে জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচিতে নিয়োজিত এক ডাক্তারের গাড়িতে মঙ্গলবার গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে ওই ডাক্তার ও তার গাড়িচালক আহত হয়েছেন।
টেলিভিশন চিত্রে গাড়িটিতে গুলির চিহ্ন দেখা গেছে। করাচির সোহরাব গোথ এলাকায় পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। বিদেশি ওই ডাক্তার ঘানার বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মরিয়ম ইউনুস বলেছেন, “ডব্লিউএইচও’র একটি গাড়িতে গুলি চলেছে। এতে একজন বিদেশি ডাক্তার এবং স্থানীয় এক ড্রাইভার আহত হয়েছেন।”
সোহরাব গোথ এলাকায় যাওয়ার সময় তারা হামলার শিকার হন। কাছাকাছি একটি হাসপাতালে নেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
কোনো দল হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানরা পোলিও টিকাদান কর্মসূচির বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে। আর ওই এলাকটিতেও তালেবানরা সক্রিয়।
সোমবার সেখানে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়। বিশ্বে পোলিওর প্রকোপ বেশি এমন তিনটি দেশের অন্যতম পাকিস্তান। এছাড়া, অন্য দেশ দুটি হচ্ছে আফগানিস্তান এবং নাইজেরিয়া।
কিন্তু তালেবানরা এ কর্মসূচিতে বাধা দেওয়ায় পাকিস্তানের আদিবাসী অঞ্চলগুলোর প্রায় ২৫০,০০০ শিশু পোলিও টিকা থেকে বঞ্চিত হচ্ছে।
পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এরাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে পোলিও টিকাদান কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৮ঘ.
bdnews24