মাদ্রিদ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)- অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঋণ সহায়তা চুক্তির বিনিময়ে নতুন করে কঠোর কৃচ্ছতা পরিকল্পনা ঘোষণা করেছে স্পেন সরকার।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বুধবার নতুন করে কর বাড়ানো এবং ব্যয়হ্রাস পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সরকারি বাজেট ৬ হাজার ৫০০ কোটি ইউরো কাঁটছাঁট করার লক্ষ্যে রাজয় ব্যয়সঙ্কোচনের বেশ কয়েকটি পদক্ষেপের মধ্যে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
এছাড়া, বিক্রয় কর ২১ শতাংশ বাড়ানোসহ স্থানীয় কর্তৃপক্ষের বাজেট সাড়ে তিনশ কোটি ইউরো কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেন, তিনি যে সমস্ত পদক্ষেপ ঘোষণা করেছেন তা চটজলদি চালু হওয়া বাঞ্ছনীয়।
তিনি আরো বলেন, “এ পদক্ষেপগুলো সুখকর নয়, তবে প্রয়োজনীয়। আমাদের সরকারি ব্যয় আয়ের তুলনায় কোটি কোটি ইউরো বেশি হয়ে গেছে।”
এ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী জ্বালানির ওপর পরোক্ষ করারোপ করাসহ সমুদ্র, বিমানবন্দর এবং রেল সম্পদও ব্যক্তিমালিকানধীন করার পরিকল্পনা প্রকাশ করেন।
ইউরোজোনের পররাষ্ট্রমন্ত্রীরা স্পেনের তহবিল সঙ্কট জর্জরিত ব্যাংকগুলোকে এ মাসের শেষ নাগাদ ৩ হাজার কোটি ইউরো ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে।
সেইসঙ্গে বাজেট ঘাটতি কমানোর লক্ষ্য পূরণে স্পেনকে এক বছর বেশি ২০১৪ সাল পর্যন্ত সময় দিতেও রাজি হয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৪ঘ.
bdnews24