২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনির সঙ্গে ব্যবধান বাড়ালেন ওবামা

হোয়াইট হাউসে পৌঁছানোর দৌড়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনিকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে গেলেন বর্তমান প্রেসিডেন্ট ডেমক্রেট প্রার্থী বারাক ওবামা। অর্থনীতি নিয়ে ভোটারদের আশাবাদী হয়ে ওঠাই এর কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ওয়াশিংটন, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোয়াইট হাউসে পৌঁছানোর দৌড়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনিকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে গেলেন বর্তমান প্রেসিডেন্ট ডেমক্রেট প্রার্থী বারাক ওবামা। অর্থনীতি নিয়ে ভোটারদের আশাবাদী হয়ে ওঠাই এর কারণ। মঙ্গলবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক যৌথ জরিপের ফলাফলে এমনটিই জানা যায়। গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ৮৮৫ জন তালিকাভুক্ত ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়। আগামী নভেম্বরের ৬ তারিখে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনের চার মাস আগে তালিকাভুক্ত ভোটারদের মধ্যে সমর্থনে প্রতিদ্বন্দ্বী রমনিকে ৬ পয়েন্ট পেছনে ফেলেছেন ওবামা। ওবামার প্রতি সমর্থন জানিয়েছে ৪৯ শতাংশ ভোটার আর রমনির প্রতি ৪৩ শতাংশ। গত জুনে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি থেকে মাত্র এক পয়েন্টে এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ওবামা। আসছে দিনগুলো নিয়ে ভোটারদের আশাবাদী হয়ে ওঠাই ওবামার এগিয়ে যাওয়ার কারণ। দেশ সঠিক পথে চলছে না এমন ভাবনা থেকে বেরিয়ে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠছেন অনেক ভোটার। নিরাশ ভোটারের সংখ্যা ৫ শতাংশ কমে ৫৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। জরিপকর্মী ক্রিস জ্যাকসন বলেন, “ওবামার জন্য জুন মাসটি সত্যিই খুব খারাপ ছিল। কিন্তু এ মাসে প্রতিদ্বন্দ্বিতার স্বাভাবিক অবস্থা আবার ফিরে এসেছে বলেই মনে হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০৭ ঘ.