কান্দাহার, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা কয়েকটি বোমা হামলায় এবং সংঘর্ষে রোববার অন্তত ২৪ আফগান নাগরিক ও পুলিশ নিহত হয়েছে।
কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানে এটিই সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা।
গত দু’দিনেও আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে পৃথক কয়েকটি হামলা এবং রাস্তার ধারে পেতে রাখা বোমায় ২ নেটো সেনাসহ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।
রোববার কান্দাহারে তিনটি যানে বোমা বোমা হামলায় শিশুসহ ১৮ জন নিহত হয়।
পাক-আফগান সীমান্তবর্তী স্পিন বোল্ডাক এলাকায় এ হামলা সম্পর্ক প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমেদ ফয়সাল বলেছেন, গ্রামবাসীরা একটি মিনি ভ্যান এবং ট্রাকটরে করে যাওয়ার সময় রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়।
তৃতীয় আরেকটি বোমা বিস্ফোরণ হয় আরগিস্তানে। সেখানে নিহত হয় চারজনের একটি পরিবার। হেলমান্দে আরেকটি বোমা বিস্ফোরণে এবং জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় দুই পুলিশসহ ৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১০ঘ.
bdnews24