দুবাই, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য জার্মানি ও ফ্রান্সের গোয়েন্দা সংস্থাকে দায়ি করেছেন ইরানি গোয়েন্দা সংস্থা প্রধান। পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য এর আগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে অভিযুক্ত করেছিল দেশটি।
শুক্রবার ইরানের রাষ্ট্রিয় বার্তা সংস্থা আইআরএনএ’র সঙ্গে এক সাক্ষাৎকারে গোয়েন্দা প্রধান হায়দার মোসলেহি এ অভিযোগ জানান।
২০১০ সাল থেকে এ পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচীর সঙ্গে জড়িত অন্তত চারজন বিজ্ঞানীকে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ চলতি বছর জানুয়ারিতে এক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়।
“আমরা দেখেছি হত্যাকা-ের সঙ্গে জড়িত দুইটি নেটওয়ার্কের সঙ্গে তথ্য আদান-প্রদানে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংস্থাগুলো ও আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল,” বলেন মোসলেহি।
আঞ্চলিক গোয়েন্দা সংস্থা বলতে পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর দিকে ইঙ্গিত করলেও নির্দিষ্ট কোনো দেশের নামোল্লেখ করেননি তিনি।
মোসলেহির অভিযোগটিকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়েছেন বার্লিনে জার্মান সরকারের এক মুখপাত্র। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি ।
এর আগে অভিযুক্ত ইসরায়েলও ইরানি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। আর যুক্তরাষ্ট্র পরমাণু বিজ্ঞানীদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলো।
এ বিষয়ে ফ্রান্স বা অন্যান্য দেশের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
পশ্চিমাদের আশঙ্কা পরমাণু কর্মসূচীর আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। আর ইরানের দাবী, বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচী চালাচ্ছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫২০ ঘ.
bdnews24