কাবুল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো জোট বহির্ভূত দেশ আফগানিস্তানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটো বহির্ভূত মিত্র দেশ ইসরায়েল ও জাপানসহ অন্যান্য আরো বেশ কয়েকটি দেশের মতোই বিশেষ নিরাপত্তা সুবিধা ভোগ করবে আফগানিস্তান।
শনিবার আফগানিস্তান সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ কথা জানান।
এটি ২০১৪ সালে সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক অটুট রাখার প্রতিশ্র“তির বাস্তবায়ন। আফগানিস্তানে সর্বশেষ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রতিশ্র“তি দিয়েছিলেন।
টোকিও যাওয়ার পথে হিলারি এক অঘোষিত যাত্রাবিরতিতে শনিবার আফগানিস্তানে উপস্থিত হন। এ সময় তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
কারজাইয়ের উপস্থিতিতে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের উদ্দেশ্যে এক ভাষণে হিলারি প্রেসিডেন্ট ওবামার নেওয়া এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
এই সিদ্ধান্তের ফলে ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্র থেকে সহজেই প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করতে পারবে আফগানিস্তান।
আফগানিস্তানের উন্নয়নের জন্য এক তহবিল সংগ্রহ বৈঠকে যোগ দিতে টোকিও যাবেন হিলারি। রোববারের ওই বৈঠকে আফগানিস্তানের উন্নয়ন সাহায্যের জন্য বার্ষিক ৪শ’ কোটি ডলারের প্রতিশ্র“তি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪১ ঘ.
bdnews24