২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে

জেনারেল মানাফের পক্ষত্যাগে ইতোমধ্যেই চাপে পড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর আন্তর্জাতিক চাপ আরো জোরদার হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

সিরিয়া, জুলাই, ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনারেল মানাফের পক্ষত্যাগে ইতোমধ্যেই চাপে পড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর আন্তর্জাতিক চাপ আরো জোরদার হচ্ছে। “আসাদকে বিদায় নিতে হবে,” বলেছেন প্যারিস বৈঠকের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ আসাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের আরো বেশি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সিরিয়া পরিস্থিতির সমাপ্তি টানতে হবে আমাদেরকে। বাশার আল আসাদকে বিদায় নিতে হবে। সিরিয়ায় প্রতিষ্ঠা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। সবার স্বার্থেই তা প্রয়োজন।” সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তন করতে বৈঠকে জাতিসংঘ সনদ চ্যাপ্টার ৭ অনুযায়ী আরো নিষেধাজ্ঞা এবং সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাবনা পাশেরও পথ খোঁজেন নেতারা। মানাফের পক্ষত্যাগকে আসাদের জন্য ‘কঠিন আঘাত’ বলে মন্তব্য করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। “মানাফের দেশ ত্যাগে প্রশাসন যে দুর্বল হয়ে পড়ছে আসাদ অনুগতরা তা উপলব্ধি করতে শুরু করেছে”, বলেন তিনি। এ পরিস্থিরি মধ্যেও সিরিয়ার পাশে থাকার জন্য চীন এবং রাশিয়াকে কটাক্ষ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তাদেরকে এর জন্য মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। হিলারি বলেন, সিরিয়া সঙ্কট সমাধানের পথে এগিয়ে যাওয়ায় বাধ সাধছে চীন এবং রাশিয়া। এর জন্য তাদেরকে মাসুল দিতে হবে- সব দেশের উচিত একযোগে এ বিষয়টি তাদেরকে পরিস্কার করে জানিয়ে দেওয়া। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। বৈঠকে তুরস্কসহ ৫০ টি পশ্চিমা ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কূটনীতিকরা সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর পদক্ষেপ এবং আরো কঠিন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। সিরিয়া সঙ্কট সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার এ বৈঠক করেছে ১শ’ রও বেশি দেশ। বৈঠক চলাকালেই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার রিপাবলিকান গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তাসের আসাদপক্ষ ছেড়ে প্যারিসমুখী হওয়ার খবর জানান। তিনি বলেন, “সিরিয়া সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিপালিকান গার্ডের কমান্ডার পক্ষত্যাগ করেছেন। তিনি এখন প্যারিসের পথে।” এর আগে মানাফের পরিবারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রও তুরস্ক হয়ে মানাফের প্যারিসে যাওয়ার খবর দিয়েছে। তবে শুক্রবারের সম্মেলনে তার যোগ দেওয়ার পরিকল্পনা না থাকার কথা জানায় বিরোধীপক্ষের কয়েকটি সূত্র। সিরিয়ার সরকারপন্থি ওয়েবসাইট সিরিয়াস্টেপ জানায়, মানাফ ‘পালিয়ে গেছেন’। জেনারেল মানাফ সিরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মুস্তফা তলাস এর ছেলে। মুস্তফা প্যারিসে থাকেন বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার রিপাবলিকান গার্ডের ব্রিগেড কমান্ডার হিসাবে কাজ করছিলেন মানাফ। আসাদের সঙ্গে সামরিক প্রশিক্ষণ নেওয়ার সুবাদে মানাফ তার বন্ধু। এ সপ্তাহে তার দেশ ছেড়ে তুরস্কে পালানোর খবর পাওয়া যায়। এর আগে মার্চে একবার মানাফের সরকার পক্ষ ত্যাগের খবর পাওয়া গেলেও তা ভুল প্রমাণিত হয়েছিল। এবারও তার পক্ষত্যাগ সম্পর্কে ষ্পষ্ট কিছু জানা যায়নি। তিনি স্থায়ীভাবে সিরিয়া ছেড়েছেন কিনা বা বিদ্রোহীদের সঙ্গে যোগ দিচ্ছেন কিনা তা পরিস্কার নয়। তার প্যারিসে যাওয়ার উদ্দেশ্যও স্পষ্ট নয়। ফলে মানাফ নিজমুখে জনস্মুখে কিছু না বলা পর্যন্ত তার অভিপ্রায় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তিনি স্থায়ীভাবে সিরিয়া ত্যাগ করে থাকলে প্রেসিডেন্ট আসাদের সর্বোচ্চ পর্যায়ের কোনো অনুগত কর্মকর্তার পক্ষত্যাগের প্রথম ঘটনা হবে এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৪ঘ.