২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে ভাষা আইন নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ

ইউক্রেনে রুশ ভাষার মর্যাদা বৃদ্ধির একটি নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

কিয়েভ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইউক্রেনে রুশ ভাষার মর্যাদা বৃদ্ধির একটি নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। পার্লামেন্টে নতুন এ আইন পাশের পরই ইউক্রেনভাষী জনতা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পার্লমেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করে। ইউক্রেনের ভাষাকেই একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে দাবি জানায় তারা। বিক্ষোভের নেতৃত্ব দেয় পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্যরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠি চার্জ করে। ওদিকে, পদত্যাগপত্র পেশ করেন ইউক্রেন পার্লামেন্টের স্পিকার। বর্তমানে ইউক্রেনের রাষ্ট্র ভাষা ইউক্রেনিয়ান। কিন্তু নতুন আইনের আওতায় ইউক্রেনিয়ান ভাষাকে মর্যাদায় ছাড়িয়ে যাবে রাশিয়ান ভাষা। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ এর দলের এক সদস্য আকস্মিক এ ভাষা আইন প্রস্তাব করার পর মঙ্গলবার বিলটি পার্লামেন্টে অনুমোদন পায়। বিরোধীরা এতে তাদের মতামত জানানোর তেমন কোনো সময়ই পায়নি। আইনের সংশোধনী প্রস্তাব নিয়েও কোনো তর্কবিতর্ক হয়নি। ফলে পার্লামেন্টের ভেতরে-বাইরে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। হাতাহাতি, ধস্তাধস্তির ঘটনাও ঘটে। উত্তেজিত প্রতিবাদকারীদের সঙ্গে রাজধানী কিয়েভের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। মঙ্গলবার সারারাতই পরিস্থিতি ছিল উত্তপ্ত। ২০১২ ইউরো ফুটবল টুর্নামেন্টর সফল আয়োজন নিয়ে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। প্রতিবাদকারীরা সেখানে গিয়েও জড়ো হয়। তারা প্রস্তাবিত বিলে ভেটো দিতে প্রেসিডেন্টের প্রতি দাবি জানায়। এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলন বাতিল করে জরুরি বৈঠক ডাকেন ইয়ানুকোভিচ। স্পিকার লিটভিন ও প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সই না করা পর্যন্ত পার্লামেন্টে গৃহীত বিলটি আইনে পরিণত হবে না। শিল্প প্রধান পূর্ব ইউক্রেনের মানুষের মাতৃভাষা রুশ। কিন্তু বিরোধী দল ও ইউক্রেনিয়ান ভাষাভাষী লাখ লাখ অধিবাসী বিলটিকে ইউক্রেনের সার্বভৌমত্বেও লঙ্ঘন বলেই মনে করছে। ২০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। বিলটি আইনে পরিণত হলে রুশ ভাষাভাষী অঞ্চলে এটি “আঞ্চলিক” ভাষার মর্যাদা পাবে এবং সরকারি কাজকর্মে ব্যবহার হবে। আর এমন হলে “ইউক্রেনের ভাষার আর কোনো ব্যবহার থাকবে না”, বলেন ৪০ বছর বয়সী বিক্ষোভকারী ইউরি চেরনিয়াক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২০ঘ.