ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অত্যাধিক সুন্দরী’ হওয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছেন ইতালির এক শ্রমিক। পুলিশের হাতে ধরা পড়ার পর এমনটিই দাবি করেছেন ৩৫ বছর বয়সী জিয়ানকার্লো জিয়ান্নিনি।
সোমবার একটি ছোট কাচি নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ২৬ বছর বয়সী স্ত্রী আলেজান্দ্রা সোরেনটির ওপর হামলা চালান জিয়ান্নিনি। এরপর তিনি বড় কাচি নিয়ে হৃদপিণ্ড বরাবর আঘাত করলে সোরেনটিনোর মৃত্যু হয়।
পুলিশ নেপলসের পালমা ক্যাম্পানিয়া জিয়ান্নিনির অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় সোরেনটিনোর লাশ উদ্ধার করেছে।
হত্যার অভিযোগে গ্রেপ্তার করার পর জিয়ান্নিনি পুলিশকে জানান, তার স্ত্রী ‘অতি সুন্দরী’। এ কারণেই তাকে হত্যা করেছেন তিনি।
জিয়ান্নিনি ও সোরেনটিনোর চার ও ছয় বছর বয়সী দু’টি সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের সময় ওই দু’টি শিশু ঘুমিয়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২২ ঘ.
bdnews24