২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে রসদ সরবরাহ চালু করবে পাকিস্তান

আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ আবারো শুরু করতে মঙ্গলবার একটা চুক্তি করেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। এতে করে গত সাত মাস ধরে দু’দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 04:20 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ওয়াশিংটন/ইসলামাবাদ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ আবারো শুরু করতে মঙ্গলবার একটা চুক্তি করেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। এতে করে গত সাত মাস ধরে দু’দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের নভেম্বরে চালানো বিমান হামলার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রব্বানি খারের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। এ হামলায় পাকিস্তানের ২৪ জন সৈন্য মারা যাওয়ার পর থেকে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটোর সেনাদের জন্য রসদ সরবরাহ বন্ধ করে দেয় পাকিস্তান। দু’দেশের পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোনে আলাপচারিতার পর এক বিবৃতিতে হিলারি বলেন, “পাকিস্তানের সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে তার জন্য আমরা দুঃখিত। এ ধরণের ঘটনা যেন আর কখনও না ঘটে সেজন্য পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই আমরা।” এর প্রতিক্রিয়ায় পাকিস্তান রসদ সরবরাহ আবার চালু করবে বলে জানিয়েছেন খার। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যকার সম্পর্কে অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে এ চুক্তির জন্য বেশ কয়েকবার আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া নিয়ে বিতর্কের কারণে তা স্থগিত হয়ে যায়। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রসদ সরবরাহ চালুর এ চুক্তি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী আফগানিস্তান গঠনে পাকিস্তানের স্পষ্ট সমর্থন এবং এ অঞ্চলে আমাদের অভেদ লক্ষ্যই প্রকাশ করেছে। এ চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ও ন্যাটো কম খরচে আফগানিস্তান থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করতে পারবে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ মঙ্গলবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বলেন, অব্যাহতভাবে রসদ সরবরাহ বন্ধ থাকায় ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এ চুক্তির ফলে দু’দেশের মধ্যকার সহযোগিতা বাড়তে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এদিকে আফগানিস্তানে ন্যাটোর রসদ নিয়ে যাওয়া ট্রাকগুলোর ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান। ন্যাটোর মহাসচিব অ্যান্দ্রেস ফগ রাসমুসেন এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০১৭ ঘ.