২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা হলে ইরান এভাবেই লড়বে

ইরান মঙ্গলবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে দখিয়ে দিয়েছে হামলা হলে এভাবেই জবাব দেবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

দুবাই, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান মঙ্গলবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে দখিয়ে দিয়েছে হামলা হলে এভাবেই জবাব দেবে তারা। ইরানের এ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। আক্রান্ত হলে তারা এ অস্ত্র ব্যবহার করবে। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করতে শেষ অস্ত্র হিসাবে সামরিক ব্যবস্থাকে হাতে রেখেছে। আর তাই যে কোনো সময় হামলা মোকাবেলার প্রস্ততি নেওয়ার পাশাপাশি আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। ইরানে ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর পরপরই ইরান তিনদিনব্যাপী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়া চালানোর ঘোষণা দিয়ে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার হুমকি দেয়। সে মহড়া চলাকালেই শাহাব-৩ নামের মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১ হাজার ৩শ’ কিলোমিটার। এটি সহজেই ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। শাহাব-৩ এর সঙ্গে স্বল্প পাল্লার শাহাব-১ এবং শাহাব-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি ইংরেজি ভাষার প্রেস টিভি। ইরানের রেভল্যুশনারী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার হোসেইন সালামির উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থায় বলা হয়েছে, “এ মহড়ার লক্ষ্য ইরানের সেইসব শত্রুরা যারা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে চায়। যারা ইরানের বিরুদ্ধে রুঢ় ভাষায় কথা বলে তাদের সে আচরণের জবাবেই এ মহড়া।” মহড়ার জন্য আরো ডজনখানেক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। তাছাড়া, বুধবার ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি চালকবিহীন (ড্রোন) বিমানও পরীক্ষা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮২৫ঘ.