ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিপারমাণবিক কণা হিগস বোসনের অস্তিত্ব আদৌ আছে কি নেই তা প্রমাণ এখন সময়ের ব্যাপার। কয়েক দশকের সতর্ক পরীক্ষা-নিরীক্ষার পর এমন দাবিই করছেন একদল পদার্থবিজ্ঞানী।
পদার্থবিদ লেওন লেডারম্যানের এই ‘ঈশ্বর কণার’ অস্তিত্ব জানা গেলে স্থান, কাল ও বস্তু সম্পর্কে মিলবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
শিকাগোর ফার্মিল্যাব ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর এই ঘোষণা এলো। তাদের দাবি, হিগস বোসন কণার অস্তিত্ব প্রমাণের অনেক কাছাকাছি রয়েছেন তারা।
অন্যদিকে চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় হিগস বোসন কণা নিয়ে বসছে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে ইউরোপীয় সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) আরো বেশকিছু গুরুত্বপূর্ণ গবেষণার ফল ঘোষণা করা হতে পারে।
ফার্মিল্যাবের পদার্থ বিজ্ঞানী রব রজার বলেন, “এই কণার অস্তিত্ব প্রমাণের মাধ্যমে মহাবিশ্বের অনেক গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করা সম্ভব। এবং এমন যদি হয়, এটি আদৌ নেই সেক্ষেত্রে এই মহাবিশ্ব কীভাবে টিকে রয়েছে তা নিয়ে আমাদের গবেষণা করতে হবে।”
সার্নের বিজ্ঞানীরা হিগস কণার অস্তিত্বের বিষয়ে আরো গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারবেন বলেই প্রত্যাশা করেন তিনি।
“সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে তাদের। হিগস কণা অন্যসব কণা থেকে ভিন্ন পথে চলবে। আর এই কণার অস্তিত্ব প্রমাণের ঘোষণার আগে অবশ্যই আমাদের সবাইকে দৃঢ়বদ্ধ হতে হবে তার প্রমাণ নিয়ে।”
সার্নের শক্তিশালী লার্জ হ্যাড্রন কোলাইডারে এ কণার অস্তিত্ব প্রমাণের পরীক্ষা শুরু হওয়ার পর গত বছর ফার্মিল্যাবের পরমাণু চূর্ণকারক টেভাট্রন যন্ত্রে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। কণার ভর হ্রাস করে অতিপারমাণবিক কণাকে আলোর বেগের কাছাকাছি গতিতে পৌঁছানোর কাজে ব্যবহার করা হয় টেভাট্রন।
ইতালীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স ও ফার্মিল্যাবের পদার্থবিদ লুসিয়ানো রিস্তোরি এক বিবৃতিতে বলেন, “সচল থাকা অবস্থায় এই টেভাট্রন হাজার হাজার হিগস কণা তৈরি করেছে। এগুলোর অস্তিত্ব যদি সত্যি হয়, তাহলে ত্য সংগ্রহ করে তা প্রমাণের বিষয়টিও আমাদের ওপরই নির্ভর করছে।”
“এ কণার মডেল তৈরি ও এর বিশ্লেষণের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার তথ্য এখন আমাদের হাতে।”
মহা বিস্ফোরণের পর মহাবিশ্বের শুরুতে যে কণাটি প্রধান ভূমিকা রেখেছে বলে বিজ্ঞানীদের ধারণা, সেই হিগস বোসন কণার নাম রাখা হয়েছে ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস এর নামের শেষাংশ ‘হিগস’ ও বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম মিলিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৩০৫ ঘ.
bdnews24