বৈরুত, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলীতে সোমবার হেলিকপ্টার হামলা করেছে সরকারি বাহিনী।
দামেস্কের দৌমায় এ হামলা হয়েছে। এ এলাকায় দু’দিন আগেই বিদ্রোহীদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা।
তারপরও সোমবার ফের এলাকাটিতে হেলিকপ্টার থেকে বোমা হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা রাস্তায় পচা-গলা মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। লন্ডভণ্ড হয়ে গেছে গোটা শহর। বিরান হয়ে গেছে রাস্তাঘাট। বাড়িঘরের ভেতরে আছে মাত্র গুটিকয়েক মানুষ।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের লড়াই ক্রমেই পুরোদস্তুর গৃহযুদ্ধে রূপ নিতে থাকায় লড়াই ছড়িয়ে পড়েছে রাজধানীর দোরগোড়ায়। দেশজুড়ে তা তীব্র হচ্ছে।
১৬ মাসের লড়াই-সংঘর্ষ আরো সহিংস আকার ধারণ করায় সীমান্তে তুরস্কের জঙ্গি বিমান পাঠিয়েছে তুরস্ক।
এতে পরিস্থিতি আরো জটিল হয়েছে। ফলে কার্যত নিশ্চল হয়ে পড়েছে সিরিয়া সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা।
সিরিয়া সংকট সুরাহার চেষ্টায় শনিবার জেনেভায় রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা ও আরব দেশগুলোর নেতারা। কিন্তু আসাদেও পক্ষে চীন ও রাশিয়ার অটল অবস্থানের কারণে তা কোনো ফল বয়ে আনেনি।
ওদিকে, মিশরের রাজধানী কায়রোয় সিরিয়া সঙ্কট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছে আরব লিগ। এ সমঝোতা বৈঠকে অংশ নিয়েছে সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় আড়াইশ প্রতিনিধি।
বিশ্ব স¤প্রদায় সিরিয়ায় অন্তর্বতী সরকার গঠন করে সহিংসতা বন্ধের কথা ভাবছে। জেনেভা বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্তও হয়েছে। আর সোমবার থেকে শুরু হয়েছে আরব লিগের বৈঠক।
সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এ বৈঠক ফলপ্রসূ হওয়ার আশা করলেও সিরিয়ায় লড়াইরত বিদ্রোহী সেনা ও আন্দোলনকারীরা এ বৈঠক বর্জনের ডাক দিয়েছে। তারা একে সিরিয়ার মিত্রদেশগুলোর চক্রান্ত বলে মনে করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪২ঘ.
bdnews24