ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলায় ৪০ ভারতীয় জড়িত ছিল বলে দাবি করেছে পাকিস্তান।
১০ জঙ্গির চালানো ভয়াবহ ওই হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন।
করাচি থেকে এ হামলার কলকাঠি নাড়া হয়েছে বলে সন্দেহভাজন জাবিউদ্দিন আনসারির দেওয়া তথ্যের পর পাকিস্তান এ দাবি জানাল।
জাবিউদ্দিন আনসারি আবু হামজা এবং আবু জুন্দাল নামেও পরিচিত।
মুম্বাই হামলার প্রধান সন্দেহভাজন হিসাবে ভারতে গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানের বন্দরনগরী করাচির নিয়ন্ত্রণকক্ষ থেকে ওই হামলা পরিচালনা এবং তদারক করার কথা স্বীকার করেছেন আনসারি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম একথা জানান।
কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ‘দ্য এক্সপ্রস ট্রিবিউন’ বলেছে, “আমাদের তথ্যমতে, অন্তত ৪০ জন ভারতীয় নাগরিক এ ঘটনায় হামলাকারীদের সহায়তা করেছে। আমরা চাই ভারত এ বিষয়টি পরিস্কার করে জানাক।”
ভারতীয়দের সহায়তা ছাড়া এ হামলা চালানো কখনোই সম্ভব হতো না বলে দাবি করেন তিনি। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে।
পত্রিকাটি জানায়, স¤প্রতি গ্রেপ্তার হওয়া আনসারি আলিয়াস আবু জুন্দালের ব্যাপারে বিস্তারিত তথ্য আদান-প্রদানের জন্য ভারতকে চাপ দেবে পাকিস্তান।
দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের দু দিনের বৈঠক শুরু হবে ৪ জুলাইয়ে। এতেই প্রাধান্য পাবে আনসারি ইস্যুসহ ভারত কর্তৃপক্ষের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০০ঘ.
bdnews24