২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে পিনা নিয়েতো জয়ী

দীর্ঘ সময় মেক্সিকো শাসনকারী পুরনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি (পিআরআই) আবারো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। দলটির প্রার্থী এনরিক পিনা নিয়েতো রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সময় মেক্সিকো শাসনকারী পুরনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি (পিআরআই) আবারো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। দলটির প্রার্থী এনরিক পিনা নিয়েতো রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলে জানা গেছে। ৪৫ বছর বয়সী পিনা নিয়েতো ৩৮ শতাংশ ভোট পেয়েছেন বলে বিবিসি জানিয়েছে। প্রেসিডেন্ট ছাড়াও নতুন কংগ্রেস এবং বেশ কয়েকটি রাজ্যের গভর্নরও নির্বাচন করছেন মেক্সিকোর ভোটাররা। নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েন ছিল। রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পর পিআরআই-এর সদর দপ্তরে উল্লাস শুরু করে দলটির কর্মী ও সমর্থকেরা। পিনা নিয়েতো ঘোষণা করেন, “আমরা সবাই নির্বাচনে জয়ী হয়েছি। মেক্সিকো জয়ী হয়েছে।” তিনি পিআরআই-কে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ায় মেক্সিকোর জনগণকে ধন্যবাদ জানান। মেক্সিকোর এবারের নির্বাচনে অর্থনীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধই মূল ইস্যু ছিল। নির্বাচনে জয়ী পিনা নিয়েতো বলেন, “সংঘবদ্ধ অপরাধের সঙ্গে কোনো আপস নয়।” ২০০০ সালে নির্বাচনে পরাজিত হওয়ার আগে ৭১ বছর মেক্সিকো শাসন করেছিল পিআরআই। কিন্তু মাদক গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রতার অভিযোগে দলটির জনভিত্তিতে ধস নামে। নতুন মুখ পিনা নিয়েতো দলটির ওই নেতিবাচক ভাবমূর্তি ঘুচিয়ে আবারও নির্বাচনে জয়ী করেন। মেক্সিকো রাজ্যের গভর্নর থাকাকালীন তিনি প্রশাসন পরিচালনায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেন। জনহিতকর কর্মকাণ্ড ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করেন। মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন নির্বাচনে জয়ী হওয়ায় পিনা নিয়েতোকে অভিনন্দন জানান। তিনি বলেন, “পরবর্তী সরকার নির্বিবাদে তার সরকার পরিচালনা করবে এবং তা সকল মেক্সিকানের জন্য সুফল বয়ে আনবে, আমি এই প্রত্যাশাই করি।” পিনা নিয়েতোর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী পার্টি অব দ্য ডেমক্রেটিক রেভ্যুলিউশন (পিআরডি) আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অবরাডোর ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তবে তিনি এখনো পর্যন্ত পিআরআই-এর জয় স্বীকার করেন নি। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, “শেষ কথা বলার সময় এখনো আসেনি।” ২০০৬ সালের নির্বাচনেও তিনি দ্বিতীয় হয়েছিলেন। ওই সময় ফিলিপ কাল্ডেরনের জয়ও তিনি মেনে নেননি। উল্টো নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে কয়েকমাস রাজপথে বিক্ষোভ করেছেন। তবে অপর প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএনএ) প্রার্থী জোসেফিনা ভাজকুয়েজ মোটা ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি ২৬ শতাংশ ভোট পেয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। প্রাথমিকভাবে কিছু সমস্যা হলেও তা সার্বিক নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে নি। মেক্সিকোর প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করে। ধনী ও গরিবের মধ্যে ব্যবধানও বিস্তর। আর তাই এবারের নির্বাচনে অর্থনীতি ছিল বড় একটি ইস্যু। দেশটিতে বেকারত্বের পরিমান সাড়ে ৪ শতাংশ। প্রায় ছয় বছর আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় এসেছিলেন ফিলিপ কাল্ডেরন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন নি। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কাল্ডেরনের নীতির কঠোর সমালোচক ছিলেন। তারা ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদককেন্দ্রিক সহিংসতায় ৫৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুকেই তার নীতির বিরুদ্ধে অধিকমাত্রায় সামনে এনে সমালোচনা করেছেন। ভোটাররা প্রেসিডেন্ট ছাড়াও ছয়টি রাজ্যের গভর্নর, কংগ্রেস ও স্থানীয় সরকার প্রতিনিধিদেরও নির্বাচন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩১ ঘ.