ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান পুলিশের পোশাক পরিহিত এক বন্দুকধারীর গুলিতে তিন ন্যাটো সেনা নিহত হয়েছে। তবে বন্দুকধারী আহত হয়েছে এবং তাকে বন্দি করা হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে ন্যাটোর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
নিহত সেনাদের জাতীয়তা বা এ ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য ন্যাটোর পক্ষ থেকে দেওয়া হয়নি। চলতি বছর ২০ জনেরও বেশি ন্যাটো সেনা এ ধরনের হামলায় নিহত হয়েছে।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আজ (১ জুলাই) আফগান পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি তার অস্ত্র আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর দিকে ঘুরিয়ে দেয় এবং তিন সেনাকে হত্যা করে।”
ন্যাটো নেতৃত্বাধীন আইএসএএফ আফগানিস্তানের সেনা ও পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে। ২০১৪ সালে দেশটির নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণ প্রকল্প।
চলতি বছরের ফেব্র“য়ারিতে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ‘কোরান পোড়ানো’ ও মার্চে এক মার্কিন সেনা ১৬ আফগান গ্রামবাসীকে হত্যার পর দেশটিতে বিদেশি বাহিনীর বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪০ ঘ.
bdnews24