ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় দেওয়ার সমর্থনে ইকুয়েডরের রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে ১০ হাজারেরও বেশি ই-মেইল বার্তা পেয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থাপিত ইকুয়েডরের দূতাবাস।
মঙ্গলবার ইকুয়েডর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
লাতিন আমেরিকার এ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “এরই মধ্যে ১০ হাজারেরও বেশি ই-মেইল এসেছে। হাজার হাজার ই-মেইলকারী আ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ইকুয়েডর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রায় একই রকম বক্তব্যের মাধ্যমে অ্যাসাঞ্জকে সমর্থনের কারণও উল্লেখ করেছেন তারা।”
লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়া অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় লাভের আবেদনটি ১৯ জুন গ্রহণ করে ইকুয়েডর সরকার। সুইডেনে প্রত্যার্পন এড়াতে ওইদিন ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। সুইডেনে তার বিরুদ্ধে যৌন হয়রানির দু’টি মামলা রয়েছে।
মার্কিন কূটনৈতিক দপ্তরের আড়াই লাখেরও বেশি গোপন নথি উইকিলিকসে ফাঁস করায় গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্ভাব্য বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কায় রয়েছেন দুনিয়া কাঁপানো অ্যাসাঞ্জ। তার ধারণা, এ কারণেই তাকে সুইডেন থেকে আমেরিকার কাছে প্রত্যার্পন করা হতে পারে।
খোদ আমেরিকার একটি সংগঠন ‘জাস্ট ফরেন পলিসি’ একটি ই-মেইল বার্তায় ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল কোরেয়ার প্রতি অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ জানান।
ওই ই-মেইল বার্তায় সাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর, অলিভার স্টোন, অভিনেতা ড্যানি গ্লোভার এবং দার্শনিক নোয়াম চমস্কি।
সাংবাদিকতাই অ্যাসাঞ্জের অপরাধ উল্লেখ করে প্রখ্যাত এই মার্কিন নাগরিকেরা চিঠিতে বলেন, অ্যাসাঞ্জের ওপর আক্রমন আসলে গণমাধ্যম ও মার্কিন কূটনীতির সত্যতা জানার যে অধিকার নাগরিকদের আছে তার ওপর আক্রমণ।
ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল কোরেয়া এসব বার্তার জবাবে মঙ্গলবার বলেন, “কিটো অবশ্যই প্রথমে সুইডেনের বিচার প্রক্রিয়া বিশ্লেষণ করবে। এতে কিছু সময়ও লাগবে এবং বিষয়টি খুব সহজ নয়।”
ওই দিনই তিনি অ্যাসাঞ্জের আবেদনের প্রসঙ্গটি আলোচনা করতে লন্ডনে ইকুয়েডরের রাষ্ট্রদূত আন্না অ্যালবান ও পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনোর সঙ্গে বৈঠক করেন।
ওয়াশিংটন বিমুখ বামপন্থী রাফায়েল কোরেয়া ইতোমধ্যেই অ্যাসাঞ্জের প্রতি সহানুভূতি জানিয়ে কোন প্রকার ‘রাজনৈতিক বিচারের’ বিরুদ্ধে তার দেশের কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৩৫৪ ঘ.
bdnews24